হবিগঞ্জে একসঙ্গে ১০ বিচারকের করোনা শনাক্ত
হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ বিচারকের করোনা শনাক্ত হয়েছে। এ কারণে বিচারকাজে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। আজ সোমবার আদালতের নাজির মো. শাকিল মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, জ্যেষ্ঠ সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আবদুল হামিদ, মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, বিচারিক হাকিম ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত। গত পাঁচদিন ধরে তাঁরা আক্রান্ত। তাই আদালতপাড়ায় স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।