হবিগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূ রাজনা বেগম হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত একটার দিকে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গ্রেপ্তার দুজন হলেন নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা সফিক আলী (৫০) ও তাঁর ছেলে মামুন মিয়া (২৫)। রাজনা বেগম ও তাঁর স্বামী জাকারিয়া আহমেদ যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক সফিক আলী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের আবদুল রহিমের মেয়ে রাজনা বেগমের সঙ্গে পাঁচ মাস আগে একই উপজেলার আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদের বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ রাজনা তাঁর শ্বশুরবাড়িতেই বসবাস শুরু করেন। সপ্তাহখানেক আগে জাকারিয়া-রাজনা দম্পতি নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে রাজনার মা রাত সাড়ে ১০টার দিকে ভাড়া বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় তালা লাগানো। পরে তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা রাজনার লাশ উদ্ধার করে। এর পর থেকে তাঁর স্বামী জাকারিয়া পলাতক।

এ ঘটনায় বুধবার নিহত রাজনার ভাই সুফি মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় রাজনা বেগমের স্বামী জাকারিয়া আহমেদ, শ্বশুর সবুজ মিয়া, বাড়িওয়ালা সফিক মিয়া, তাঁর ছেলে মাসুম মিয়া ও প্রতিবেশী এরশাদ মিয়াকে আসামি করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ বলেন, মামলায় বাদী উল্লেখ করেছেন, যৌতুক না দেওয়ায় রাজনাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুজনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।