হবিগঞ্জে চার্জ থেকে ইজিবাইক খুলতে গিয়ে প্রাণ হারালেন দুজন
হবিগঞ্জের মাধবপুরে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ–সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বারো চান্দুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ওই গ্রামের ছাদিক মিয়ার ছেলে ইজিবাইকচালক সুজন মিয়া (২৬) ও চানখা বুল্লা গ্রামের কলি মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে সুজন মিয়া প্রতিদিনের মতো শাহেদ মিয়ার গ্যারেজে তাঁর ইজিবাইক রেখে আসেন। এরপর তিনি ইজিবাইকের ব্যাটারি সারা রাত চার্জ হওয়ার জন্য বিদ্যুৎ–সংযোগ দিয়ে আসেন। আজ সকালে সুজন মিয়া গ্যারেজে গিয়ে অটোরিকশাটি চার্জ থেকে খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
এই দৃশ্য দেখে শাহেদ মিয়া তাঁকে বাঁচাতে ঘরের মেইন সুইচ বন্ধ করতে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর স্থানীয় ব্যক্তিরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।