হবিগঞ্জে নদ–নদীর বালু তোলার বিষয়ে র‌্যাবকে তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলার মানচিত্র

হবিগঞ্জের খোয়াই নদসহ জেলার সব নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে র‍্যাবকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে হবিগঞ্জ আমলি আদালতের বিচারক ও জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আগামী ৩১ মের মধ্যে এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

আদেশে বলা হয়, হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা, রত্না, বিজনা, সুতাং, করাঙ্গী, সোনাইসহ বেশ কিছু নদ-নদীর সৃষ্ট চর থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন ব্যবহার করছে। বালু পরিবহনে দিন-রাত ট্রাক ও ট্রাক্টর চলাচল করছে বাঁধের ওপর দিয়ে। এতে বাঁধ যেমন হুমকির সম্মুখীন হচ্ছে, তেমনি আগামী বর্ষা মৌসুমে এলাকার ফসলি জমির ধান হুমকির সম্মুখীন হবে। নদীভাঙন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। নদ-নদী হারাচ্ছে শাশ্বত রূপ। আদেশে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ আমলে নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৯০(১)(সি) ধারায় বিস্তারিত ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন আদালত।

ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিষয়ে আলাদাভাবে বিস্তারিত প্রতিবেদন আগামী ৩১ মে মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত।

আদেশে আরও বলা হয়, বেআইনিভাবে ট্রাক্টর দ্বারা বালু ও মাটি পরিবহনের ফলে হবিগঞ্জ জেলার বিভিন্ন শহরের বায়ুতে প্রচুর পরিমাণে বালু ছড়িয়ে পড়ায় বায়ুদূষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মর্মে আদালতের কাছে প্রতীয়মান হয়। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ জেলায় নদ-নদীর বালু ও মাটি পরিবহনকালে অবৈধভাবে পরিচালিত ট্রাক্টর দ্বারা বেশ কয়েকটি মারাত্মক সড়ক দুর্ঘটনা হয় এবং বেশ কয়েকজন ব্যক্তি হতাহত হন। এ ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর অধীনে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। এই অভিযোগ ও পর্যবেক্ষণ অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ধারা ৪ ও ১৫, বাংলাদেশ পানি আইন ২০১৩ এবং বিধিমালা ২০১৮, দ্য পেনাল কোড ১৮৬০-এর ৪৩১ ধারা, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪৩, ৪৫, ৪৬, ৬৬, ৭৫, ৮৬, ৮৯, ৯৮ লঙ্ঘন হয় বলে প্রতীয়মান হয় আদালতের কাছে।

নদ-নদীর স্বাভাবিক জীবন ও পানিপ্রবাহ রক্ষার স্বার্থে, জেলার বায়ু ও পরিবেশ রক্ষার লক্ষ্যে এবং সর্বোপরি ন্যায়বিচারের উদ্দেশ্যে পুরো বিষয়টি তদন্তের জন্য কমান্ডার, সিপিসি-১, র‍্যাব-৯ হবিগঞ্জকে একজন করে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে প্রতিটি থানা এলাকায় মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিষয়ে আলাদাভাবে বিস্তারিত প্রতিবেদন আগামী ৩১ মে মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত। এ তদন্তকাজের সমন্বয় করার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সব সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হবিগঞ্জকে নদ-নদীর বালু উত্তোলনে ইজারাপ্রাপ্ত বৈধ ব্যক্তিদের তালিকা আদেশপ্রাপ্তির সাত দিনের মধ্যে একই আদালতে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি খোয়াই নদসহ প্রতিটি নদ-নদীর বাঁধের বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে অপরাধ সংঘটিত হলে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেওয়া হয় আদালত থেকে।