হবিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর উপজেলা একটি গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা করার পর আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদাল মিয়া (২৫) ও মামুন (২৪)। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঘর থেকে বের হলে আবদাল মিয়া শিশুটিকে মুখ চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণে সহযোগিতা করে তাঁরই বন্ধু মামুন। শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তাকে ঘর থেকে বের করে দিয়ে দুজন পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে এসে মা-বাবাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

থানা-পুলিশ আজ ভোরে অভিযান চালিয়ে আসামি আবদাল মিয়া ও মামুনকে সদর উপজেলার লুকড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিঠুন রায় প্রথম আলোকে জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ফলাফল আসার পর ধর্ষণের বিষয়ে জানা যাবে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা প্রথম আলোকে জানান, এ ঘটনায় মেয়েটির বাবা আবদাল, তাঁর সহযোগী মামুনসহ তিনজনকে আসামি করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। থানা-পুলিশ আজ ভোরে অভিযান চালিয়ে আসামি আবদাল মিয়া ও মামুনকে সদর উপজেলার লুকড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।