হবিগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ৪০ নেতা–কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে পুলিশের করা মামলায় জেলা বিএনপির ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত
ছবি: প্রথম আলো

হবিগঞ্জে পুলিশের করা মামলায় জেলা বিএনপির ৪০ নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই আসামির সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে ফের জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি মিছবাহ উদ্দিন।

জামিন নামঞ্জুরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আসামিদের আইনজীবী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘আদালত তাঁদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তী সময়ে আবার জামিন আবেদন করব।’

কারাগারে পাঠানো বিএনপি নেতা–কর্মীরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্য এম জি মোহিত ও মহিবুল ইসলাম, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর টিপু আহমেদ, সাবেক কাউন্সিলর মাহবুবুল হক, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম, আবদুল আহাদ, সাইদুর রহমান ও গোলাম মাহবুব, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর অলি, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেনসহ ৪০ জন।

পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর বিকেলে হবিগঞ্জ জেলা সদরে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। হবিগঞ্জ পৌরসভার মাঠে এ সমাবেশের জন্য জেলা বিএনপি অনুমোদন চাইলেও প্রশাসন তা দেয়নি। পরে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়। সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা আসতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ রবর বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এরপর বিএনপির ২৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম একটি মামলা করেন। এতে বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেখ এবং ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ওই ৪০ নেতা–কর্মী ৬ সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে আজ মঙ্গলবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জমিন চাইলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।