হবিগঞ্জে বনের গাছ কাটার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বনের গাছ কাটার অভিযোগে হওয়া মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চানপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম নানকু গুঞ্জু (৩৫)। তিনি উপজেলার কাপাই অফিস লেন এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, নানকু গুঞ্জু তাঁর বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার সাতছড়ি বনাঞ্চলে অবৈধভাবে গাছ কেটে পাচার করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি ক্যাম্পের সদস্যরা চুনারুঘাট উপজেলার চানপুর বাজারে এক অভিযান চালিয়ে নানকু গুঞ্জুকে গ্রেপ্তার করেন।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, গ্রেপ্তার নানকু গুঞ্জু ওই এলাকার বনদস্যুদের অন্যতম। তিনি ও তাঁর বাহিনী দীর্ঘদিন ধরে সাতছড়ি বনাঞ্চলের গাছগাছালি কেটে অন্য স্থানে বিক্রি করে আসছিল। তাঁদের কারণে বনের পরিবেশে বিপর্যয় দেখা দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাছ কেটে পাচার কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।