হবিগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন রেজা কিবরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর। আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়
ছবি: প্রথম আলো

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, দেশের মানুষ যখন বন্যায় কষ্ট পাচ্ছে, ঠিক সেই সময় সরকার পদ্মা সেতুর উদ্বোধন মেতে উঠছে। একদিকে বন্যা বাড়ছে, অন্যদিকে কমছে। আবহাওয়াবিদেরা বলেছেন ১০-১২ দিন পর এ বন্যা আরও বাড়বে। কিন্তু সেই প্রস্তুতি না নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে।

আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র ও বান্দেরবাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় রেজা কিবরিয়া এ কথা বলেন।

এ সময় গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকসহ গণ অধিকারের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। নুরুল হক বলেন, সরকার বন্যা নিয়ে দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে। তারা এ সময়ে মানুষের পাশে যেভাবে দাঁড়ানোর কথা, সেভাবে নেই। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের নানা স্থানে যখন বন্যায় মানুষ মানবেতর জীবনযাপন করছে, ঠিক তখনই সরকার এক পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সব রাষ্ট্রব্যবস্থাকে বদ্ধ করে রেখেছে। এভাবে একটি দেশ চলতে পারে না। এটা সরকারের ব্যর্থতা কি না, তা জনগণ বিচার করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, হবিগঞ্জ জেলা আহ্বায়ক চৌধুরী আশরাফুল বারী, সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির, শাহ আজাদ আলী, কেন্দ্রীয় সদস্য আবু হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ আরিফুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ, তামান্না ফেরদৌস, গণ অধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা সমন্বয়ক নুরুল আমিন পাঠান, রেজা কিবরিয়ার প্রেসসচিব শাহাবুদ্দিন প্রমুখ।

প্রায় ৫০০ বানভাসি মানুষের মধ্যে গণ অধিকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।