হবিগঞ্জে বিএনপির আরও ৪০০ জনের বিরুদ্ধে মামলা
জেলা পরিষদের রেস্টহাউস ভাঙচুরের অভিযোগে হবিগঞ্জে বিএনপির অজ্ঞাতনামা আরও ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা পরিষদ রেস্টহাউসের তত্ত্বাবধায়ক আবদুর রউফ বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। তখন জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র জি কে গউছের একদল অনুসারী রেস্টহাউসে অতর্কিত হামলা চালান। তাঁরা হাউসের দরজা-জানালার কাচ ভেঙে দেড় লাখের বেশি টাকার ক্ষতি করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ শুরু করেছে।
এর আগে সংঘর্ষের ঘটনার পরদিন ২৩ ডিসেম্বর ৭০ জনের নাম উল্লেখসহ দুই হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২২ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনা ঘিরে এখন পর্যন্ত দুটি মামলা হলো।
অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের গুলি ছোড়ার অভিযোগ এনে ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে মামলার আবেদন করেছিলেন বিএনপির নেতা শামছুল ইসলাম। এতে পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, সদর থানার ওসি মাসুক আলীসহ ৫৪ পুলিশ সদস্যের নাম উল্লেখ করা হয়। তবে ৩ জানুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর উর রশীদ মামলার আবেদনটি খারিজ করে দেন।
প্রসঙ্গত, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভা মাঠে সমাবেশের অনুমতি চায় বিএনপি। কিন্তু প্রশাসন সে অনুমতি দেয়নি। পরে শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দুপুরে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়।
বিএনপির নেতাদের ভাষ্য, সমাবেশস্থলে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষের সময় ১৫ জন পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। পুলিশ গ্রেপ্তার করে ২৬ জনকে।
এ ঘটনার পরদিন ২৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে ৭০ জনের নামে এবং আরও দুই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করে পুলিশ।