হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী জেলা সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে একই স্থানে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়।
স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ, নোয়াখালী শাখা, বাংলাদেশ ডেন্টাল পরিষদ, নোয়াখালী ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যা করা হয়। ঘটনার পর দুদিন অতিবাহিত হলেও খুনি ধরাছোঁয়ার বাইরে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করা হলেও অজ্ঞাত কারণে তাঁকে গ্রেপ্তার না করায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষায় আইন করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলাসহ কয়েকটি ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলছে।
মানববন্ধনে জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সহসভাপতি এ টি এম মাইনুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি মোহাম্মদ আলী জুয়েল, সাধারণ সম্পাদক ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।