হবিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার বানিয়াচং উপজেলার তবজখানি গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী জমির উদ্দিন (৩০) ও একই উপজেলার চানপাড়া এলাকার শাকিল আহমেদ (২৫)। তাঁরা একে অপরের বন্ধু।

হবিগঞ্জ সদর মডেল থানা ও বাহুবল থানা–পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বানিয়াচং থেকে কয়েকজন ৪-৫টি মোটরসাইকেলে করে একসঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে যাচ্ছিলেন। ওই দলে ছিলেন জমির উদ্দিন ও শাকিল আহমেদও। তাঁদের মোটরসাইকেলটি দুপুর সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার নতুন বাজার এলাকায় পৌঁছায়। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। বেড়াতে যাওয়া দলটির অন্য সদস্যরা ও পুলিশ সদস্যরা মিলে তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি হবিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।