হ‌বিগ‌ঞ্জে সরকা‌রি জায়গার দখল নি‌য়ে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলার ম্যাপ

হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল গ্রামে আজ শনিবার সকালে সরকারি জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই টেঁটাবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেটে এবং ১২ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে একটি পক্ষ জমিতে গেলে উভয় পক্ষের লোকজন মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ২৫ মিনিট স্থায়ী এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ দুজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফনির মিয়া, আবদুল কাদিরসহ ১২ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, একটি সরকারি জায়গার দখল নিয়ে এই সংঘর্ষ। এতে প্রায় ৪০ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।