হবিগঞ্জে ২ হাজার কেজি চোরাই চা–পাতাসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকবোঝাই দুই হাজার কেজি চোরাই চা-পাতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার অলিপুর এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। এলাকাবাসীর দাবি, চা-পাতাগুলো ভারতীয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ট্রাকবোঝাই প্রায় দুই হাজার কেজি চা–পাতা পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অবস্থান নেয়। পরে ছয় ব্যক্তিসহ চা–পাতাবোঝাই ট্রাকটি আটক করে পুলিশ। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

আটক ব্যক্তিদের দাবি, তাঁরা চা–পাতাগুলো শ্রীমঙ্গল থেকে ক্রয় করে চুনারুঘাট হয়ে হবিগঞ্জ জেলা সদরের উদ্দেশে যাচ্ছিলেন। তবে দাবির পক্ষে প্রমাণস্বরূপ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জের সীমান্ত উপজেলা চুনারুঘাটে সম্প্রতি বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই পাচার চক্রের সদস্যরা আড়ালেই রয়ে গেছেন।