হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলা শিশু আদালতে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলোচিত চার শিশু হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আজ বৃহস্পতিবার শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।

আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি ওই আদালতে পাঠান। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এ চার শিশু হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামি আবদুল আলী, তাঁর ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, অন্যতম সহযোগী আরজু মিয়া ও তাঁর ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদকে কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম মোল্লা মাসুম জানান, মামলাটি যেহেতু শিশু হত্যাকাণ্ডের, তাই এটি শিশু আদালতে পাঠানোর জন্য আসামিপক্ষের আইনজীবী আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মামলাটি শিশু আদালতে স্থানান্তর করেন।

বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮) ও মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের (১০) অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। তারা ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় কারও নাম উল্লেখ না করে মামলা করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। নয়জনের মধ্যে পাঁচজন আসামি বর্তমানে কারাগারে আছেন। বাচ্চু নামের একজন র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। আর তিন আসামি বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক রয়েছেন।