হরিরামপুরে এবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নদীগর্ভে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আজিমনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র
ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম এলাকার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র চিকিৎসাকেন্দ্র ছিল আজিমনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। তবে সেটি এখন কেবলই স্মৃতি। গতকাল শনিবার রাতে স্বাস্থ্যকেন্দ্রটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে উপজেলার সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, নদীভাঙনের কবল থেকে স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষার জন্য বেশ কয়েকবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একইভাবে যথাযথ পদক্ষেপের অভাবে সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যায়।

উপজেলা সদর থেকে আজিমনগর চরাঞ্চলের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। চারদিকে পদ্মা নদীবেষ্টিত হওয়ায় চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। আজিমনগরসহ পদ্মা নদীর মধ্যে সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়ন অবস্থিত। তিনটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একমাত্র অবলম্বন ছিল এটি। পদ্মার তীব্র স্রোতে সম্প্রতি ব্যাপক ভাঙন শুরু হলে স্বাস্থ্যকেন্দ্রটিও হুমকির মুখে পড়ে। এরপর গতকাল রাত ১১টার পর স্বাস্থ্যকেন্দ্র পুরোটাই নদীতে বিলীন হয়ে যায়।

স্থানীয় নসুরতপুর গ্রামের আবদুস সালাম তালুকদার বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ার আগে রোগীদের নৌকায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকার নবাবগঞ্জ অথবা হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হতো। হাসপাতালে নেওয়ার পথে মাঝেমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে স্বাস্থ্যকেন্দ্রটি হওয়ার পর থেকে এই সমস্যার অনেকটাই সমাধান হয়। তবে পদ্মায় বিলীন হওয়ায় চরবাসীদের আবার সেই সমস্যায় পড়তে হবে।

স্থ্যকেন্দ্রটি রক্ষার জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরপরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মো. বিল্লাল হোসেন, চেয়ারম্যান, আজিমনগর ইউনিয়ন পরিষদ
গত বৃহস্পতিবারও নদীর কিনার ঘেঁষে স্বাস্থ্যকেন্দ্রটি দাঁড়িয়ে ছিল
ছবি: সংগৃহীত

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আজিমনগর ইউনিয়নের চরাঞ্চলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ২০১২-১৩ অর্থবছরে হাতিঘাটা গ্রামে স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ শেষ হয়।

এনায়েতপুর গ্রামের নাসির উদ্দিন জানান, এই বিশাল চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়টিও নদীভাঙনের ঝুঁকিতে আছে। এ ছাড়া আজিমনগরের হাতিঘাটা আশ্রয় প্রকল্প, ইব্রাহিমপুর মসজিদ ও মাদ্রাসা এবং হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, গত বছরই স্বাস্থ্যকেন্দ্রটি নদীভাঙনের হুমকিতে পড়ে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষার জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরপরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চরাঞ্চলে নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে হলে বিপুল অর্থের প্রয়োজন। তা ছাড়া তীব্র স্রোতের কারণে কাজও করা যায় না। এ ছাড়া ৬০ লাখ টাকা খরচ করেও ৫০ লাখ টাকা স্থাপনা রক্ষা করা যায়নি।
মো. মাঈন উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, মানিকগঞ্জ পাউবো

হরিরামপুরের ইউএনও সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

জানতে চাইলে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, চরাঞ্চলে নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে হলে বিপুল অর্থের প্রয়োজন। তা ছাড়া তীব্র স্রোতের কারণে কাজও করা যায় না। এ ছাড়া ৬০ লাখ টাকা খরচ করেও ৫০ লাখ টাকা স্থাপনা রক্ষা করা যায়নি। ভবিষ্যতে চরাঞ্চলে স্থানান্তরযোগ্য স্থাপনা নির্মাণে পরামর্শ দেন তিনি।

এদিকে স্বাস্থ্যকেন্দ্রটি নদীতে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি জানেন না জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম নবী। আজ বেলা ১১টার দিকে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবাক হয়ে বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি কি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে! এটি নদীভাঙনের ঝুঁকিতে আছে জানতাম। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছিলাম।’