হলুদ রঙে ছেয়ে গেছে ফসলের মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের মতো এবারও রংপুরে মৌসুমি শর্ষের ভালো ফলন হয়েছে
ছবি: মঈনুল ইসলাম

উত্তরের জেলা রংপুরের মাঠ এখন হলুদ রঙে রঙিন হয়ে উঠেছে। প্রকৃতির অপরূপ রূপে সেজেছে গ্রামীণ জনপদের মাঠ। হলুদ শর্ষেখেতগুলো যেত হাতছানি দিয়ে ডাকছে। সকালের মিষ্টি সোনা রোদে আরও চকচক করছে হলুদের বিস্তর খেত।

আমন ধান ওঠার পর হলদে খেতগুলোতে এখন মৌমাছির রাজত্ব। মৌমাছিরা উড়ে উড়ে এক ফুল থেকে রেণু সংগ্রহ করে আরেক ফুলে গিয়ে বসছে। গত বছরের মতো এবারও রংপুরে মৌসুমি শর্ষের ভালো ফলন হয়েছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা খুশি। রাতদিন পরিশ্রম করে তাঁরা এখন খেত পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন।

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে শর্ষে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর ৬ হাজার ৪১০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল।

চাষিরা জানান, এ বছর তেমন প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাইয়ের আক্রমণ ছিল না। তাই শর্ষের ভালো ফলন হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।

সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর বাজারের কৃষক তবারক আলী বলেন, ‘এবার কোনো দুর্যোগ ছিল না। খ্যাতোত কোনো রোগবালাই হয় নাই। খ্যাত দেখি মনে হইতোছে সরিষার আবাদ এবার ভালো হইবে। দামও ভালো হইবে।’

শর্ষে খেতের পাশে গবাদিপশুর জন্য ঘাস কাটছেন গৃহস্থ আমজাদ আলী
ছবি: মঈনুল ইসলাম

একই ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিত সরিষার চাষ করছি। এবার কৃষি অফিস থাকি কিছু বীজ পাওয়া গেইছে। নিজেও কিছু সংগ্রহ করি চাষাবাদ করি। গাছের ফুল দেখি মনে হচ্ছে এবার ফলন ভালো হবে।’

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, শর্ষে চাষে কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। জেলায় ১৩ হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রায় দুই হাজার হেক্টর জমিতে সার ও বীজ দেওয়া হয়েছে।