হলে নির্যাতন বন্ধে আইন চান শিক্ষক–শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্প্রতি ছাত্রলীগ না করায় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন একাধিক শিক্ষার্থী। এসব ঘটনায় আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার ও হলের আসন বাতিল করার সিদ্ধান্ত নিলেও এমন শাস্তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেন সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। এসব নির্যাতন বন্ধে আইন করার দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি আল জাবির বলেন, গতকাল সোমবার উপাচার্যের সঙ্গে সভায় হলে নির্যাতন বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে বলা হয়েছে। এর আগেও এ ধরনের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে নির্যাতনের ঘটনা। গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ না করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে ছাত্রলীগের নেতা–কর্মীদের নির্যাতনের শিকার হন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদ। এরপর গত শনিবার অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের শিক্ষার্থী সাগর চন্দ্র দে। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল বলে ঘটনা দুটি জানাজানি হয়েছে। এর বাইরে অনেক নির্যাতনের ঘটনা প্রকাশ পায় না।
কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, নির্যাতন বন্ধে কার্যকর কোনো আইন না থাকায় এ ধরনের ঘটনা বাড়ছে। বিশেষ করে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বেশি নির্যাতন করে থাকেন। তাঁদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান সাধারণ শিক্ষার্থী, এমনকি শিক্ষকেরাও।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘গত তিন বছরে ছাত্রলীগ কর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী। নির্যাতনের পর অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। এমনকি, কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে আমরা বুঝিয়ে এ সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছি।’
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কার হওয়া এক শিক্ষার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সুপারিশে ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের বনভোজনে অংশ নিয়েছেন। এ ছাড়া ওই চার ছাত্রলীগ কর্মীসহ মোট আটজনের হলের আসন বাতিল করা হয়েছে। কিন্তু বাস্তবে তাঁরা হলেই থাকছেন। যে কারণে সাধারণ শিক্ষার্থীরা এখনো নির্যাতনের আতঙ্কে ভুগছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘আমরা শুরুতেই আইনের দিকে যেতে চাইছি না। আইন বা শাস্তি হচ্ছে সর্বশেষ ব্যবস্থা। এর আগে নির্যাতনবিরোধী সচেতনতা সৃষ্টির কাজ করছি। সম্প্রতি রাজনৈতিক ছাত্র সংগঠন বাদে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি। তাঁরা ক্যাম্পাসে নির্যাতন চান না। এ ছাড়া সাম্প্রতিক সময়ে নির্যাতনের প্রতিবাদে আমাদের ছাত্রদের যে কঠোর আন্দোলন, সেটিও আশা জাগিয়েছে।’