শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হলের ৮০% সিট ছাত্রলীগের দখলে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোর ৮০ শতাংশ সিট ছাত্রলীগের নিয়ন্ত্রণে। মিছিলে যাওয়ার শর্তে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয়টি গ্রুপ (পক্ষ) সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এসব সিট বিলিবণ্টন করে বলে অভিযোগ রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনো সিটে ছাত্র ওঠাতে হলে ছাত্রনেতাদের কাছে সুপারিশ পাঠায় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদের জন্য তিনটি আবাসিক হল আছে। সিট আছে ১ হাজার ২৩টি। মেধা কিংবা কোনো নীতিমালার ভিত্তিতে নয়, কারা হলে সিট পাবেন, সেটা মূলত ছাত্রলীগের নেতারাই ঠিক করে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনটি হলের ৮০ দশমিক ৩৫ শতাংশ সিটই ছাত্রলীগের কয়েকটি গ্রুপের নিয়ন্ত্রণে আছে। সব মিলিয়ে ৯৬ দশমিক ৫৮ শতাংশ সিটই বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণে। এর বাইরে বাকি ৩ দশমিক ৪২ শতাংশ সিটের নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে।
তবে শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ছাত্রলীগ কিংবা কোনো ছাত্রসংগঠনের নিয়ন্ত্রণে হলে কোনো সিট নেই বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, একটা সময় ছাত্রলীগ কিংবা অন্যান্য ছাত্রসংগঠনের নেতাদের দখলে হলের সিটগুলো ছিল। এমন পরিবেশ ও পরিস্থিতি এখন নেই। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই ছাত্ররা হলে থাকার সুযোগ পাচ্ছে। হলে উঠতে ছাত্রনেতাদের দ্বারস্থ হতে হয়, এমন অভিযোগ সত্য নয়। এরপরও অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
কার দখলে কত সিট
একাধিক ছাত্রনেতা, শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির আগে থেকেই হলের সিটগুলো প্রভাবশালী ছাত্রনেতাদের নিয়ন্ত্রণে ছিল। নতুনভাবে হল চালু হওয়ার পর যেসব সিট ফাঁকা হয়েছে, সেসবও তাঁরা সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদের তিনটি হলের মধ্যে শাহপরান হলে ৪৪৭টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৫০৮টি এবং সৈয়দ মুজতবা আলী হলে ৬৮টি সিট আছে। এর মধ্যে শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর গ্রুপের নিয়ন্ত্রণে ১৮০টি; সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানের গ্রুপের ১২০টি; ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ নিয়ন্ত্রিত ‘কাশ্মীর গ্রুপের’ ১৩০টি এবং ছাত্রলীগ নেতা ছাব্বির হোসেন নিয়ন্ত্রিত হাফিজ গ্রুপের নিয়ন্ত্রণে আছে ১৪৮টি সিট।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গ্রুপের নিয়ন্ত্রণে ৭৬টি সিট রয়েছে। তবে ছাত্রত্ব শেষ হওয়ায় রুহুল ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ায় এ গ্রুপের এখন নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগ নেতা সুমন সরকার ও তারেক হালিমী। অন্যদিকে ছাত্রলীগের রসায়ন বিভাগ শাখার সভাপতি মেহেদী হাসান (স্বাধীন), ছাত্রলীগের নেতা রুবেল ফারহান ও শাহাদাত সীমান্ত এবং ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক রাজীব সরকারের নিয়ন্ত্রণে আছে ১৬৮টি সিট।
যোগাযোগ করা হলে সিটের নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতারা বলেন, নিজেদের অনুসারী বাড়াতে সিটগুলোতে ছাত্রদের থাকার সুযোগ তৈরি করে দেওয়া হয়। ইমরান আহমদ চৌধুরী দাবি করেছেন, বৈধভাবেই শিক্ষার্থীরা হলে ওঠেন। হলে ওঠার পরই তাঁরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ছাত্ররাজনীতিতে জড়ান। এমন পরিসংখ্যান ধরেই মূলত বলা হয়, কোন পক্ষের কতজন অনুসারী হলে থাকেন।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ছাত্রলীগ নেতাদের নিয়ন্ত্রণে থাকা ৮২২টি সিট ছাড়াও ১৬টি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এবং ২০টি জাতীয় ছাত্রদলের (এনডিএফ) নেতাদের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া তাবলিগের দুটি পক্ষ বিশ্ববিদ্যালয়ে সরব রয়েছে। তাদের নিয়ন্ত্রণে আছে ৫২টি সিট। এর বাইরে ৩২টি সিট ছাত্র মজলিস ও ২৮টি সিট তালামীযের নিয়ন্ত্রণে আছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সাংবাদিকের নিয়ন্ত্রণে আছে ১৮টি সিট। সব মিলিয়ে ৯৮৮টি সিট বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণে আছে। এসব সিটের বাইরে থাকা মাত্র ৩৫টি সিটের নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আছে। এই ৩৫টি সিটের বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কোনো সিটে ছাত্র ওঠাতে চাইলে ছাত্রনেতাদের কাছেই সুপারিশ পাঠাতে হয় তাদের।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাজু শেখ বলেন, ‘আমাদের নামে হলে আলাদাভাবে কোনো সিট বরাদ্দ নেই। সাধারণ বৈধ শিক্ষার্থী হিসেবে আমাদের সংগঠনের কয়েকজন থাকেন।’
তাবলিগের একটি অংশের অনুসারী তানভীর আহমেদ বলেন, ‘আমাদের যেসব সিট আছে এগুলো ফাঁকা হলে নতুন ছাত্র তোলার ক্ষেত্রে একজন শিক্ষার্থী ধর্মীয় রীতি মানেন কি না, পড়াশোনায় নিয়মিত কি না, এসব বিষয় আমরা বিবেচনায় নিই। তবে সবাই বৈধভাবে আছেন।’
শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রশাসনের ভাষ্য
সাধারণ শিক্ষার্থী হয়ে অরাজনৈতিকভাবে হলে উঠতে পারছেন না, এমন ১২ জন শিক্ষার্থীর সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁদের অভিযোগ, হলে উঠতে হলে ছাত্রনেতাদের দ্বারস্থ হতে হয়। তাঁদের মিছিল-সমাবেশে যাওয়ার শর্ত সাপেক্ষে হলে সিট পাওয়া যায়। এর বাইরে কিছু কিছু ক্ষেত্রে ছাত্রনেতাদের টাকা দিয়েও হলে সিট পাওয়া যায়। তবে হলে সিট পেলেও কখনোই ছাত্রনেতাদের নির্দেশ কিংবা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রাধ্যক্ষ মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম এবং সৈয়দ আলী মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ আরেফিন নোবেল প্রথম আলোকে জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। পুনরায় হল চালু হওয়ার পর বৈধ শিক্ষার্থীদের কেবল হলে উঠতে দেওয়া হয়েছে। ছাত্রত্ব শেষ, এমন কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেওয়া হচ্ছে না। ছাত্রনেতারা নন, বিশ্ববিদ্যালয় প্রশাসনই ছাত্রদের আবেদন যাচাই-বাছাই করে সিট বরাদ্দ দিয়ে থাকে বলে প্রাধ্যক্ষরা দাবি করেছেন।