হস্তশিল্প মেলায় লটারি বাণিজ্য, প্রশাসন নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গুরুদাসপুর উপজেলার বনপাড়া কালিকাপুর (বাইপাস মোড়ে) মাসব্যাপী হস্তশিল্প ও আনন্দমেলায় র্যা ফল ড্রয়ের নামে লটারি-বাণিজ্য শুরু হয়েছে। মোটরসাইকেল, রেফ্রিজারেটর, মুঠোফোনসহ বিভিন্ন পুরস্কারের প্রলোভন দেখিয়ে মাইকিং করে এসব টিকিট বিক্রি করা হচ্ছে। অনুমোদনহীন এ কার্যক্রমের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস। মেলা কমিটির আহ্বায়ক পৌরসভার বাসিন্দা শাহাদৎ হোসেন। তিনি বনপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের বড় ভাই। ব্যবস্থাপনার দায়িত্বে আছেন ঢাকার উত্তরার ফ্যাশন কার্নিভাল নামে একটি প্রতিষ্ঠান। মেলায় উপমা র্যা ফল ড্রয়ের নামে টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। প্রতিদিন একটি করে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, মুঠোফান, এলইডি টেলিভিশন, গাভি, এক জোড়া স্বর্ণের দুল, রাইস কুকারসহ ৩১টি পুরস্কার রয়েছে। প্রতি রাতে ড্র হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে মাইকিং করে উপজেলার গ্রামগঞ্জে এসব লটারির টিকিট বিক্রি করা হচ্ছে।
গতকাল চাঁচকৈড় বাজারে গিয়ে দেখা যায়, ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চের সামনে ১১টি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি পিকআপ ভ্যানে মাইক ও র্যা ফল ড্রয়ের ব্যানার টাঙানো রয়েছে। প্রতিটি ভ্যানে টিকিট বিক্রির জন্য রয়েছেন মেলা কমিটির নিয়োগ করা প্রতিনিধি। মাইকে ঘোষণা করা হচ্ছে লটারির ফল এবং কেব্ল টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।
চাঁচকৈড় বাজারের কাজী মাইক সার্ভিসের স্বত্বাধিকারী কাজী সাইফুল্লাহ বলেন, মেলা কমিটির পক্ষে সাকিল হোসেন নামের এক ব্যক্তি প্রতিদিন ৪০০ টাকা করে লটারির টিকিট বিক্রির জন্য মাইকগুলো ভাড়া দিয়েছেন।
সাকিল হোসেন বলেন, মেলার প্রচার-প্রসারসহ এই এলাকার মানুষের বিশেষ সুবিধা দেওয়ার জন্য র্যা ফল ড্রয়ের মাধ্যমে প্রতিদিনই দামি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। গ্রামের মানুষের জন্য মাইকিং করে লটারি বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
গুরুদাসপুর পৌরসভার কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, লটারির টিকিট কেনার জন্য লোকজন প্রচার মাইক ঘিরে রেখেছেন। বিভিন্ন বয়সের মানুষ টিকিট কিনছেন। কলেজশিক্ষক আতহার হোসেন বলেন, ২০ টাকার টিকিটে লাখ টাকার মোটরসাইকেলের লোভ দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। মুঠোফোনে ফ্যাশন কার্নিভালের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা বলেন, ‘শুধু মেলা করে লাভ হয় না। মানুষকে আকৃষ্ট করতে র্যা ফল ড্রসহ লটারির টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের ম্যানেজ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন লটারির টিকিট বিক্রি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক মোছা. শাহিনা খাতুন বলেন, মেলার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু লটারি বিক্রির অনুমতি দেওয়া হয়নি। তিনি গতকাল শনিবার অফিসের কাজে রাজশাহীতে অবস্থান করছিলেন। আজ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।