হাঁসের খোঁজে পুকুরে গিয়ে মিলল কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট উপজেলার শ্রীরম্ভা গ্রামের একটি পুকুর থেকে জাল টেনে কুমিরটি উদ্ধার করে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় এক ব্যক্তির বসতবাড়ির পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরম্ভা গ্রামের ইসরাফিল গাজীর বাড়ির পুকুরে জাল টেনে কুমিরটি আটক করা হয়েছে। এটি প্রায় ১০ ফুট লম্বা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীরম্ভা গ্রামের মিরাজ শেখ গতকাল সোমবার বিকেল থেকে তাঁর পালিত ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিলেন না। ওই হাঁসের খোঁজে বেরিয়ে আজ সকালে বিভিন্ন স্থানে খুঁজতে খুঁজতে মিরাজ প্রতিবেশী ইসরাফিল গাজীর বাড়িতে যান। সেখানে তাঁদের বাড়ির পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ওই পুকুরে জাল টানার ব্যবস্থা করেন। জাল টানতে গিয়েই কুমিরটি পাওয়া যায়।

কুমির ধরা পড়ার খবরে আশপাশের এলাকার মানুষ ছুটে আসেন। পরে ঘটনাস্থল থেকে বেলা তিনটার দিকে কুমিরটি নিজেদের হেফাজতে নেয় সুন্দরবন পূর্ব বন বিভাগ। পরে এটি পশুর নদে অবমুক্ত করা হয়।

শ্রীরম্ভা গ্রামের ওই পুকুরের সঙ্গে পার্শ্ববর্তী ভ্যাকটমারী খালের শাখা কৌচুর খালের সংযোগ আছে। ভ্যাকটমারী খালটি সরাসরি পশুর নদে গিয়ে পড়েছে। সুন্দরবনের অন্যতম নদ পশুর থেকে জোয়ারের সময় কুমিরটি ওই খাল দিয়ে পুকুরে প্রবেশ করতে পারে বলে ধারণা বন বিভাগের। এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুড়া খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পড়েছিল। পরে সেটিকে উদ্ধার করে সুন্দরবনের করমজল খালে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধার করা হয়। এটি সুস্থ ছিল। পরে এটি পশুর নদে অবমুক্ত করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ১৫ ডিসেম্বর সুন্দরবনের বিভিন্ন নদী–খালে ১০০টি কুমির অবমুক্ত করেছিল বন বিভাগ। উদ্ধার হওয়া কুমিরটি সেই সময়ে অবমুক্ত করা কুমির নয় বলে নিশ্চিত করেছে বন বিভাগ। তবে সম্প্রতি সময় বিভিন্ন পার্ক ও রিসোর্ট থেকে উদ্ধার হওয়া কুমিরগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এটি সেগুলোর একটি কুমির হতে পারে বলে ধারণা আজাদ কবিরের।

সুন্দরবনের বড় বড় নদী-খাল ছেড়ে কেন কুমিরগুলো পার্শ্ববর্তী ছোট নদী-খালে চলে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে ওই বন কর্মকর্তা বলেন, খাদ্যসংকট, দূষণ, প্রাকৃতিক বা আচরণগত যেকোনো কারণেই এটা হতে পারে। এ বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।