হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুরে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে রাসেল শেখ নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হন নিহতের বাবা ছন্দু শেখ ও মা আফরোজা বেগম।

শনিবার সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের জমিতে গিয়ে প্রতিদিন ধানগাছ খেয়ে ফেলছে এবং নষ্ট করছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল।

হাঁসে ধান খাওয়া নিয়ে শনিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে রাসেল শেখ (২৩), তাঁর বাবা ছন্দু শেখ (৫০) ও মা আফরোজা বেগম (৪০) আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওমর ফারুক ব্যাপারী বলেন, আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, রাসেলের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা ছন্দু শেখ হত্যা মামলা করবেন।