হাঁসের বাচ্চা নিয়ে খামারিদের মধ্যে সংঘর্ষ, আহত ৪
নাটোরের সিংড়ায় হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের জেরে খামারিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডাহিয়া গ্রামে চলনবিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামের মোজাহার আলী ফকিরের ছেলে মুনছুর আলী, তাঁর মেয়ের জামাই আলতাব হোসেন, একই গ্রামের নজরুল ইসলাম এর ছেলে শামীম রেজা ও সামিউল রাজ।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে ডাহিয়া গ্রামের খামারি মুনছুর আলী ও তাঁর মেয়ের জামাই একসঙ্গে বাড়ি থেকে বের হন। পরে তাঁরা হাঁসের বাচ্চাদের খাওয়ানোর জন্য চলনবিলের ডাহিয়া অংশে যান। এ সময় একই গ্রামের আরেক খামারি নজরুল ইসলামের দুই ছেলে শামীম রেজা ও সামিউল রাজ তাঁদের খামারের হাঁসের বাচ্চাগুলো নিয়ে চলনবিলের একই এলাকায় যান। সেখানে গিয়ে সামিউল দাবি করেন, কয়েক দিন আগে তাঁর খামারের ১২টি হাঁসের বাচ্চা মুনছুরের খামারের বাচ্চার সঙ্গে মিশে গেছে।
এ সময় মুনছুর ফকির এ অভিযোগ অস্বীকার করলে দুই পক্ষের মধ্য বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের চারজন আহত হয়েছেন।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হালিম বলেন, স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ ঘটনার জন্য মুনছুর আলী ফকির ও শামীম রেজা পরস্পরকে দায়ী করেছেন। তাঁরা উভয়েই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে আজ দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।