‘হাইকমান্ডের’ নির্দেশে হরতাল প্রত্যাহারের ঘোষণা কাদের মির্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাদের মির্জা

দলের ‘হাইকমান্ডের’ নির্দেশে আগামী রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকা হরতাল প্রত্যাহরের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। একই সঙ্গে তিনি আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে’ ডাকা সংবাদ সম্মেলনও বাতিল করেছেন।

নোয়াখালীর ‘অপরাজনীতি ও লুটপাট বন্ধের’ দাবিতে ২৫ জানুয়ারি সন্ধ্যায় কাদের মির্জা ঘোষণা দেন, রোববার কোম্পানীগঞ্জে হরতাল পালন করা হবে। এরপর গতকাল বৃহস্পতিবার তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, একই দাবিতে ২ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।

আজ শুক্রবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সংবাদ সম্মেলন ও হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বলেন, ‘আমাদের দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছে আমাকে, আমি হাইকমান্ডের নির্দেশ ছাড়া কোনো কিছু করতে পারব না। আমি আগামী রোববারের হরতাল প্রত্যাহার করলাম। তারপর হাইকমান্ড নির্দেশ দিয়েছে সংবাদ সম্মেলনের দরকার নাই, আমি দেখব। নোয়াখালীর অপরাজনীতি আমি বন্ধ করব। তাই আমি সংবাদ সম্মেলন প্রত্যাহার করলাম।’

সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, ‘আমি হাইকমান্ডের নির্দেশ মেনে নিয়েছি। তাই আগামী এক মাসের মধ্যে নেত্রী যদি নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কোম্পানীগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে তিনি অন্যায়, অবিচার, লুটপাট ও চাকরি–বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করব।’ তিনি বলেন, একজন গরিব পুলিশকে চাকরি দিতে হলে নোয়াখালীর এমপিকে পাঁচ লাখ টাকা দিতে হয়, স্কুলের শিক্ষকের চাকরি দিতে হলে পাঁচ লাখ টাকা দিতে হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর চাকরি দিতে হলে পাঁচ লাখ টাকা দিতে হয়—এগুলো বন্ধ করতে হবে।

হঠাৎ ‘সত্যবচনে’ আলোচিত সেতুমন্ত্রীর ভাই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘চট্টগ্রামের ভোট, এটা কি ঠিক হইছে? ভোট চুরি হয়নি? ২২ শতাংশ ভোটও চুরি করে দিয়েছে। এটা কিসের ভোট? আমরা এই ভোট চাই না। আমরা বসুরহাট পৌরসভার মতো ভোট চাই। কাল চৌমুহনীতে ভোট। যদি কোনো অনিয়ম করা হয়, সেখানে যদি ভোট ডাকাতি করা হয়, নোয়াখালীর এমপি একরামের গৃহপালিত ডিসি, এসপি আপনাদের জবাব দিতে হবে।’

আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘আজকে কবিরহাটে আমাদের নেতা–কর্মীরা কোনো কাজ পান না। আজকে অস্ত্রবাজি চলছে। একরামুল করিম চৌধুরী তাঁর ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছে। কষ্ট লাগে, লেখাপড়া জানা একটা ছেলের হাতে একজন মা হিসেবে, পিতা হিসেবে কীভাবে অস্ত্র তুলে দিল? এটা কি ঠিক হয়েছে? আমি বলব, তুমি অস্ত্র ছেড়ে রাজনীতি কর। অপরাজনীতি থেকে সরে এসো। আমরা তোমাকে সহযোগিতা দিব। এই আমার পরামর্শ।’

কাদের মির্জা বলেন, ‘একরাম চৌধুরীর অপরাজনীতির বিরুদ্ধে যদি হাইকমান্ড কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তা বন্ধ করব।’ তিনি প্রশ্ন করেন, ‘কবিরহাট কার নির্বাচনী এলাকা? ওবায়দুল কাদেরের। সেখানে সে (একরাম) মাতবরি করে। তাকে এই ক্ষমতা দিয়েছে কে? সেখানকার চেয়ারম্যানরা তার ভয়ে অস্থির। ইউনিয়ন পরিষদের মনোনয়নের নামে টাকা নেওয়া হয়।’