হাইকোর্টে রিট করার পর নাটোর পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সাজেদুল আলম খান চৌধুরী (বুড়া চৌধুরী)। গতকাল মঙ্গলবার তাঁর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ স্থগিত করেন আদালত। আজ বুধবার সকালে আদালতের সেই আদেশ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছালে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল আলম খান চৌধুরী মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ত্রুটি দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি জেলা প্রশাসকের (আপিল কর্তৃপক্ষ) কাছে আপিল করেন। ২৪ ডিসেম্বর শুনানি শেষে জেলা প্রশাসক তাঁর আপিল খারিজ করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন। পরে সাজেদুল হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। রিটার্নিং কর্মকর্তা আদালতের আদেশ মোতাবেক তাঁকে চাহিদামতো ‘মোবাইল’ প্রতীক বরাদ্দ দেন।
আগামী ১৬ জানুয়ারি নাটোর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরী। এরই মধ্যে সাজেদুল আলম খান চৌধুরী ও তাঁর কর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন বলে জানা গেছে।
এদিকে বিএনপি সমর্থিত একক মেয়র প্রার্থী জিল্লুর রহমান খানের (বাবুল চৌধুরী) পাশাপাশি সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে জিল্লুর রহমানের দেওয়া একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩১০ কোটি টাকার একটি প্রকল্প থেকে আর্থিক সুবিধা নিতে বিএনপির এক শীর্ষ নেতা প্রার্থী পরিবর্তন করেছেন বলে ওই বার্তায় দাবি করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, পৌর বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমান খান অনেক আগেই দলের স্থানীয় শীর্ষনেতাদের সঙ্গে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। হঠাৎ সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেন। সবার ধারণা ছিল, তিনি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেননি। বিষয়টি নিশ্চিত হয়ে জিল্লুর রহমান খান সংবাদকর্মীদের কাছে একটি ভিডিও বার্তা পাঠান।
এ বিষয়ে শেখ এমদাদুল হক আল মামুন সংবাদকর্মীদের কাছে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি। তিনি ৪ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন। জেলা বিএনপির নিয়ন্ত্রক ও বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার জানান, দলীয় প্রতীক নিয়ে কেউ নির্বাচন করছেন না। তাঁদের দুই প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাই এটা নিয়ে পরিস্থিতি ঘোলা করার কোনো সুযোগ নেই।