হাইব্রিড-ওয়ান টাইম নেতায় দেশ গিজগিজ করছে: মুজাহিদুল ইসলাম সেলিম
হাইব্রিড নেতা, ওয়ান টাইম নেতা, টাকা দিয়ে নেতৃত্ব কেনা নেতা—এমন নানা বাহারের নেতায় দেশ গিজগিজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, চারদিকে নেতার ছড়াছড়িতে দেশের আজ নাজেহাল অবস্থা। আজকাল টাকা খরচ করতে পারলে অতি সহজেই নেতা বনে যাওয়া যায়। প্রকৃত নেতা কমতে কমতে তাই অনেকটাই বিরল প্রজাতিতে পরিণত হয়েছে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটরিয়ামে কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সৈয়দ আবু জাফর আহমদ তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা ছিলেন। মফস্বল থেকে জাতীয় পর্যায়ে এসে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। কিন্তু তিনি সেটা আত্মস্থ করে নিয়েছিলেন। প্রকৃত নেতার বৈশিষ্ট্যসম্পন্ন বলে যেসব নেতাকে বিবেচনা করা হয়, তাঁদের মধ্যে একজন ছিলেন সৈয়দ আবু জাফর আহমদ। তিনি নেতাগিরি জাহিরের অধুনা ফ্যাশনকে সযত্নে ও সচেতনভাবে পরিহার করে চলতেন। খুবই সাধারণ একজন লোক ছিলেন। সাধারণের লোক ছিলেন। সাধারণ ছিলেন বলেই অসাধারণ হয়ে উঠেছিলেন। সমাজের ভেতর, রাজনীতির ভেতর এ ধরনের লোক বিরল হয়ে উঠছেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের কার্যকরী সভাপতি খন্দকার লুৎফুর রহমান। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আনোয়ার আল মাহমুদের সঞ্চালনায় স্মৃতিচারণা ও বক্তব্য দেন সৈয়দ আবু জাফর আহমদের স্ত্রী কাওসার পারভিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অপূর্ব কান্তি ধর, স্মৃতি সংসদের উপদেষ্টা যুক্তরাজ্যপ্রবাসী আবদুল মান্নান, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. আবদুল খালিক, জেলা বাসদ নেতা মঈনুর রহমান মগনু, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন, বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি আ স ম ছালেহ সোহেল, কৃষকনেতা আবদুর রাজ্জাক, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, স্মৃতি সংসদ কার্যকরী কমিটির সদস্য যুক্তরাষ্ট্রপ্রবাসী শামসুল আলম খান শাহিন প্রমুখ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাজ্য থেকে কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদের সভাপতি মসুদ আহমদ, কানাডা থেকে উদীচী শিল্পীগোষ্ঠী মন্ট্রিয়ল শাখার সভাপতি বাবলা দেব এবং নিউইয়র্ক থেকে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নাট্যকর্মী সীতেশ ধর।
দেশে একটা বিশৃঙ্খল অর্থনীতি চলছে বলে মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তেলসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। আমরা বলছি রেশনিং চালুর জন্য। সরকার সেটা করতে চায় না। রেশনিং করলে বাজার অর্থনীতি চলবে না। সংবিধানে বাজার অর্থনীতির কথা লেখা নেই। পরিকল্পিত অর্থনীতির কথা লেখা আছে। সমাজতন্ত্রের কথা লেখা আছে। যাঁরা বাজার অর্থনীতির পক্ষে, তাঁরা মুক্তিযুদ্ধের পক্ষে নন।’
সংগ্রাম ছাড়া বাঁচা যাবে না মন্তব্য করে সিপিবির সাবেক এই সভাপতি বলেন, ‘মানুষের ভেতর সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট বিপদ। এটাকে মোকাবিলা করতে হবে।’