হাওরে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা
কিশোরগঞ্জের হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিঠামইন হাওরে ভ্রমণ শেষে ফেরার পথে করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে তাঁকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে।
নিখোঁজ ওই ছাত্রলীগ নেতার নাম মো. হাবিবুল্লাহ হাবিব (২৮)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক ও তিনি সদর উপজেলার মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে হাবিব তাঁর সাত বন্ধুর সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে যান। সারা দিন মিঠামইনের সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে দেখার পর সন্ধ্যায় তাঁরা বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসেছিলেন হাবিবুল্লাহ। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ট্রলার থেকে হাবিবুল্লাহ পড়ে যান। তৎক্ষণাৎ স্থানীয় লোকজনসহ হাবিবুল্লাহর বন্ধুরা চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাননি।
স্থানীয় মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, হাবিবুল্লাহর বন্ধুদের ভাষ্য, মিঠামইন হাওর থেকে বালিখলা ঘাটে ফেরার পথে করিমগঞ্জের হাওরে এ দুর্ঘটনা ঘটেছে। হাবিবুল্লাহ যখন ট্রলার থেকে পড়ে যান, তখন প্রচণ্ড বাতাস ছিল।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, নিখোঁজের খবর পেয়ে গতকাল রাতেই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।