হাওরে ব্যাটারি কারখানা, বিষক্রিয়ায় মরছে গরু

তিন মাস আগে যুবলীগ নেতার ভবনে স্থাপন করা হয়েছে এই কারখানা। সিসার বিষক্রিয়ায় ৩২টি গরুর মৃত্যু। অসুস্থ শতাধিক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক হাকি মিয়ার গরুটি হঠাৎ করে চরকির মতো ঘুরতে শুরু করে। কয়েক মিনিট পর মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছু সময়ের মধ্যে গরুটি মারা যায়। গরুর মৃত্যুর এমন ধরন দেখে হাকি মিয়ার পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে যান। তবে কোন অসুখে গরুটির মৃত্যু হলো, ভেবে কিনারা করতে পারছিলেন না কেউ।

হাকি মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কোনপাড়া গ্রামে। কয়েক দিনের ব্যবধানে এই এলাকায় একইভাবে অন্তত ১৫টি গরুর মৃত্যু হয়। প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় বলছে, স্থানীয় একটি ব্যাটারি কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য ঘাস ও পানিতে বিষক্রিয়া ছড়ায়। সেই পানি ও ঘাস খাওয়ার কারণে গরুগুলোর মৃত্যু হয়।

গতকাল শনিবার পর্যন্ত অন্তত ৩২টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ধুঁকছে আরও অন্তত কয়েক শ গবাদিপশু। তবে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত ২০টি গরুর মৃত্যু রেকর্ড করেছে।

চান্দপুর হাওর গরুর চারণভূমি। ওই হাওরে চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমানের একটি ভবনে পুরোনো ব্যাটারি ভেঙে সিসা
সংগ্রহের এই কারখানা স্থাপন করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এবার নৌকা প্রতীকে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এমন অবস্থায় কারখানার আশপাশে উৎপাদিত গোখাদ্য সংগ্রহ ও পানি পান থেকে বিরত থাকতে সতর্কতা জারি করা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। উৎপাদিত ফসল ও মাছ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে ১২ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। মালিক হিসেবে যা পরিশোধ করেন মাহফুজুর রহমান।

তবে গতকাল প্রথম আলোর কাছে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান কারখানাটি নিজের নয় বলে দাবি করেন। তিনি বলেন, শাকিল ও রাশিদুল নামের দুই ব্যক্তি তাঁর কাছ থেকে ভবন ভাড়া নিয়ে কারখানা স্থাপন করেছিলেন। ওই দুই ব্যক্তি তাঁকে ভুল বুঝিয়েছেন। পরিবেশের ক্ষতিকর দিকটির কথা তাঁর জানা ছিল না। শাকিল ও রাশিদুলের পরিচয় জানতে চাইলে তিনি জানাননি। ওই দুজনের মুঠোফোনের নম্বর চাইলে তিনি দিচ্ছেন বলে আর দেননি।

ভুক্তভোগীরা জানান, চান্দপুর হাওরে প্রতিদিন কয়েক শ গরু চড়ানো হয়। হাওরে রয়েছে চারটি পুকুর। কয়েক বছর আগে হাওরের মাঝে একটি দোতলা ভবন ও একটি টিনশেডের ঘর নির্মাণ করেন চেয়ারম্যান। সেখানে তাঁর একটি মুরগি ও একটি মাছের খামার ছিল। ওই ভবন থেকে খামার দুটির দেখভাল করা হতো। তিন মাস আগে সেখানে ব্যাটারি কারখানা স্থাপন করা হয়। এটির সরকারি কোনো দপ্তরের অনুমোদন নেই। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পুরোনো ব্যাটারি ভেঙে সিসা গলিয়ে পিণ্ড তৈরি করা হয়। এতে সৃষ্ট বর্জ্য মাঠেই ছড়িয়ে ও নির্গত পানি মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছিল।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগে গরুর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে গত বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গরুর মৃত্যুর খবরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক পেয়ে বসে। একপর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাঠকর্মীরা এসে মৃত ও আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করেন। ১০ জানুয়ারি ঢাকা থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়, খড়, খাস ও পানিতে অতিরিক্ত সিসার উপস্থিতি রয়েছে। অতিরিক্ত সিসা থেকে সৃষ্ট বিষক্রিয়ায় গবাদিপশু অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এরপর ১২ জানুয়ারি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের প্রধান জ্যেষ্ঠ কেমিস্ট রুবায়াত সৌরভ বলেন, এই ধরনের কারখানা করতে হলে অবশ্যই ইটিপি ও এটিপি প্ল্যান্ট থাকতে হবে। কারণ, এর পানি ও আগুনের ধোঁয়া হেভি মেটাল। প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন না করা হলে মাটি ও বাতাসে সিসার মাত্রা বাড়িয়ে দেয়। এর প্রভাব শুধু পশুর মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের শরীরে ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দেবে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাঠপর্যায়ে কাজ করছে। অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভেটেরিনারি সার্জন নাসির উদ্দিন মুন্সি বলেন, প্রথমত, কারখানাটির আশপাশের এলাকা থেকে গোখাদ্য সংগ্রহে বিধিনিষেধ দিয়ে রেখেছেন। আক্রান্ত গরুগুলোকে দ্রুত তাঁদের এখানে নিয়ে আসার পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।