হাওরের ক্ষতি করে কোনো প্রকল্প নেওয়া হবে না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওর এলাকার উন্নয়ন হবে, তবে সেটা হাওরের পরিবেশের কোনো ক্ষতি না করে। আমরা এমন কোনো প্রকল্প নেব না, যেটাতে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। পরিবেশ রক্ষার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখে। প্রধানমন্ত্রীও হাওরের প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয়, এমন প্রকল্পের বিরুদ্ধে।’
আজ রোববার দুপুরে সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
ওই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সব এলাকার, সব মানুষের উন্নয়ন করছেন। হাওর এলাকার মানুষের প্রতি তাঁর বিশেষ মায়া রয়েছে। তিনি তাঁদের সুখ-দুঃখের কথা ভাবেন। এ জন্য হাওর এলাকার উন্নয়ন হচ্ছে। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমরা খুশি।’
দেশকে এগিয়ে নিতে সবার পরিশ্রম করতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘পরিশ্রমের বিকল্প নেই। জাপানিরা কাজের টেবিলে কাজ করতে করতে মারা যায়। পরিশ্রম করেই তারা এগিয়েছে। আমরাও পারব। এ জন্য আমাদেরও কাজ করতে হবে।’
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, করোনা সব কিছু ওলট-পালট করে দিয়েছে। এ কারণে প্রবাসে যেমন আমাদের অনেক লোক সমস্যায় পড়েছেন, তেমনি দেশে এসেও অনেক প্রবাসী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার সবার কথাই ভাবছে। যেসব প্রবাসী দেশে এসে স্থায়ীভাবে আটকা পড়েছেন, সরকার তাঁদের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।