হাওরের তিন উপজেলাকে আগলে রেখেছে প্রকৃতির সুরক্ষাবলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রাম। এখানকার গ্রামগুলো বর্ষায় যেন একেকটি দ্বীপ। প্রকৃতিই গ্রামগুলোকে ঘিরে যেন সুরক্ষাবলয় তৈরি করেছে। ৫০০ থেকে ২ হাজার করে লোকের বাস একেকটি গ্রামে। যোগাযোগব্যবস্থার কারণে চাইলেই তারা যখন-তখন যেখানে-সেখানে যেতে পারে না। বাইরের মানুষের আসা-যাওয়াও কম।

ফলে আক্রান্ত ও মৃত্যু—দুই সূচকেই জেলায় নিরাপদ অবস্থানে আছে হাওরবেষ্টিত তিন উপজেলা। গত সোমবার পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৪০। তবে অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত কেউ মারা যাননি। ইটনা ও মিঠামইন উপজেলায় মারা গেছেন একজন করে। ১৩৮ জনই মারা গেছেন বাকি ১০ উপজেলায়। এই উপজেলাগুলোয় গড় মৃত্যু ১৩ দশমিক ৮ জন।

জেলার সিভিল সার্জন মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাওরের কোনো কোনো গ্রাম আছে মাত্র কয়েকটি পরিবার নিয়ে। বর্ষায় ভিন্ন এলাকার মানুষের যাতায়াত নেই বললেই চলে। তাই একধরনের সামাজিক দূরত্ব বজায় থাকে। পরিশ্রমী এই মানুষগুলো নির্মল বাতাস আর সূর্যের আলোয় বেড়ে ওঠে। ইদানীং পুষ্টির জোগানও বেড়েছে। ফলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ছে। তিন উপজেলায় করোনার বিস্তার না ঘটার পেছনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগের পাশাপাশি এখানকার প্রকৃতিই বটিকা হিসেবে কাজ করছে।

কিশোরগঞ্জ জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৪৬০ জন। সদর উপজেলায় আক্রান্ত সবচেয়ে বেশি, ৩ হাজার ৮১৯ জন। মারা গেছেন ৪৯ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে জেলার দ্বিতীয় অবস্থানে ভৈরব; আক্রান্ত ১ হাজার ৪৬৩ এবং মৃত্যু ২৮।

স্বাস্থ্য বিভাগের হিসাব থেকে দেখা যায়, হাওরবেষ্টিত তিন উপজেলার কোনোটিতে আক্রান্ত এখন পর্যন্ত শতকের ঘর পেরোয়নি। অষ্টগ্রামে ৪২৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন আক্রান্ত পাওয়া গেছে। ইটনায় ৬৬৬ জনের পরীক্ষা থেকে আক্রান্ত পাওয়া গেছে ৮৪ জন। মিঠামইনে ১ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষা থেকে ৯০ জন আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। এই তিন উপজেলায় আক্রান্তের গড় ৭৫ দশমিক ৩৩। আর বাকি ১০ উপজেলায় আক্রান্তের গড় ৮২৩ দশমিক ৪।

করোনার প্রভাব কম থাকাকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন হাওরবাসী। অষ্টগ্রামের ৮ ইউনিয়নের মধ্যে খৈয়রপুর-আবদুল্লাহপুর সবচেয়ে দুর্গম। বর্ষায় এখানকার মানুষের উপজেলা সদরে আসতে নৌকায় দুই ঘণ্টা লেগে যায়। জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মুক্তার খান বলেন, ‘হাওরে করোনা নেই। আল্লাহর রহমতে আসবেও না।’

উপজেলার কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস। তাঁর কাছে অষ্টগ্রামে করোনা কম শনাক্ত হওয়ার কারণ জানতে চাইলে বলেন, ‘শুনেছি, করোনার জন্য আইসোলেশন গুরুত্বপূর্ণ। এখানে তো বর্ষায় প্রতিটি গ্রামের মানুষ প্রাকৃতিকভাবেই আইসোলেশনে চলে যায়। মনে হয় এ কারণেই করোনা কম।’

যোগাযোগবিচ্ছিন্নতা করোনা প্রতিরোধে ভূমিকা রাখছে বলে মনে করছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলমও। তবে তিনি বলেন, হাওরের মানুষ এখনো করোনার বিষয়ে উদাসীন। মাস্ক পরতে চায় না।

অবশ্য মৃত্যু শূন্য ও কম আক্রান্তের এই তথ্যে শতভাগ স্বস্তিতে নেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ। তাঁর অভিজ্ঞতা, করোনা প্রতিরোধে হাওরের বৈশিষ্ট্য সহায়ক হলেও করোনা নির্মূল করতে হলে সময়মতো পরীক্ষা, শনাক্ত, চিকিৎসা ও টিকা গ্রহণের বিকল্প নেই।

মিঠামইন

এই উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বাস। সবচেয়ে দূরের ইউনিয়ন কাঠখাল। বর্ষায় নৌকায় উপজেলা সদরে আসতে সময় লাগে আড়াই ঘণ্টা। ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে করোনা নেই। আমরা প্রাকৃতিকভাবে লকডাউনে আছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল শাফি যোগাযোগবিচ্ছিন্নতার কারণে হাওর এখনো নিরাপদ—এটা মেনেও বললেন, ‘এখানে মানুষ নমুনা দিতে আসে না। কেউ মারা গেলে তা জানা সহজ নয়। ফলে একটু অস্পষ্টতা থাকে।

ইটনা

১ লাখ ২০ হাজার মানুষের আরেক হাওর উপজেলা ইটনা। উপজেলা করোনা আইসোলেশন সেন্টারে বর্তমানে তিনজন আক্রান্ত রোগী আছেন। ইটনার এক দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ, অন্য দিকে কিশোরগঞ্জের তাড়াইল ও করিমগঞ্জ। আরেক দিকে আছে নেত্রকোনা জেলা। ফলে বাইরের মানুষের যাতায়াতও আছে কমবেশি। তবে করোনা এখনো কাবু করতে পারেনি এলাকাবাসীকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাশ জানালেন, সরকারি তথ্য বলছে, ইটনা ভালো আছে। প্রাকৃতিক আইসোলেশন এর বড় কারণ।