হাওরের বোরো ধানই সম্বল কৃষক লোকমান মিয়ার (৬০)। এবার যখন প্রথম পাহাড়ি ঢল নামে, চারদিকে আতঙ্ক শুরু হয়, তখন জমির ধানের আশা ছেড়েই দিয়েছেন তিনি। তখনো ধান ছিল কাঁচা। আতঙ্কের মধ্যেই ধান পেকেছে। এখন সেই ধান কেটে গোলায় তুলেছেন তিনি।
লোকমান মিয়ার সঙ্গে ছয় দিন আগে হাওরে যখন দেখা হয়, তখন ফসল নিয়ে তাঁর চোখেমুখে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। এখন ধান তুলতে পারায় সেটা কেটে গেছে, হাসি ফুটেছে চোখেমুখে।
কৃষক লোকমান মিয়া বলেন, ‘আমি একলা হাসলে অইত (হবে) না, সবে হাসতে অইব। সবার মুখও হাসি ফুটুক, বছরের পয়লা দিন অউ (এই) দোয়া করি।’
লোকমানের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বিলালীপুর গ্রামে। পরিবারে চার ছেলেসহ সদস্যসংখ্যা সাত। তাঁর ফসলি জমি এলাকার হালির হাওরে।
লোকমান বলেন, ২০১৭ সালের পর সুনামগঞ্জে অকালবন্যা হয়নি। তাই এই কয়েক বছর নির্বিঘ্নে ফসল তুলতে পেরেছেন তাঁরা। এবার ২০১৭ সালের মতো অসময়ে নামে উজানের ঢল। এতে ঝুঁকিতে পড়ে ধান। জমির কাঁচা ধান কী করবেন তাঁরা, এ নিয়ে সবাই চিন্তায় পড়েন। তবু হাওরে বাঁধ রক্ষায় নামেন তাঁরা। স্বেচ্ছাশ্রমে অন্যদের সঙ্গে বাঁধে সংস্কারকাজ করেন। এখনো বাঁধ রক্ষার লড়াই চলছে। তাই সবার চেষ্টায় হালির হাওরের ফসল এখনো সুরক্ষিত আছে। এর মধ্যেই কাঁচা ধান পেকেছে। এখন সেই ধান কাটছেন চাষিরা।
কৃষক লোকমান মিয়া আতঙ্কে চার ছেলেকে নিয়েই হাওরে ধান কাটছিলন। ছোট দুই ছেলে বিলাল মিয়া (১২) ও হিরণ মিয়াকে (১০) দেখিয়ে জানান, তাদের আবদার, এবার ঈদে নতুন কাপড় কিনে দিতে হবে। তাঁরও ইচ্ছা, কিছু ধান বিক্রি করে ছেলেদের আবদার রাখবেন। কিন্তু ধান না পেলে ছেলেদের খুশি করা মুশকিল হতো। এখন যেহেতু ধান পেয়েছেন, তখন ঘরের সবার জন্যই ঈদে কিছু না কিছু কিনবেন বলে মনস্থ তিনি।
শুধু হালির হাওর নয়, জেলার সব হাওরই ঝুঁকিতে ছিল, এখনো আছে, বরং বাড়ছে। এখনো হাওরে হাওরে ফসল রক্ষা বাঁধে দিনরাত কাজ করছেন স্থানীয় কৃষক, প্রশাসন ও পাউবোর কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) লোকজন। এর মধ্যেই জেলার বিভিন্ন উপজেলায় ১১টি ছোট–বড় হাওরে ফসলহানিও ঘটেছে। তবে জেলার বড় বড় হাওরের ফসল এখনো সুরক্ষিত আছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সামনে আরেকটা ঢলের আভাস আছে। তাই প্রশাসন থেকে ৮০ শতাংশ ধান পাকলেই সেটা কেটে ফেলতে অনুরোধ জানানো হয়েছে। কৃষকেরা ঝুঁকি না নিয়ে এখন সেটাই করছেন।
হালির হাওর পাড়ের রাধানগর গ্রামের কৃষক আলী আমজদ বলেন, হাওরে ব্রি-২৮ ধান পেকেছে। সেটা মানুষ কাটছে। তবে হাওরে এখন বেশি আবাদ হয় ব্রি-২৯, যেটি এখনো আধা পাকা। তাঁর সাত একর জমির মধ্যে দুই একর ছিল ব্রি-২৮ জাতের। এই ধান কাটা শেষ। বাকিগুলো ব্রি-২৯, সেগুলো আরও দু-এক দিন যাবে পাকতে।
আলী আমজদ বলেন, ‘হাওরের ধানই আমরার ধন। ধান পাইলে আমরা খুশি। না পাইলে পথের ফকির।’ আরেক কৃষক মহিবুর রহমান (৪৮) জানান, সুনামগঞ্জের প্রধান ফসল বোরো। পরিবারের এক বছরের খানি, সন্তানদের লেখাপড়া, বিয়েশাদি—সব এই ধানের ওপর নির্ভর করে।
বেহেলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার জানান, ২০১৭ সালের মতো এবার মার্চের শেষ দিকে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিবৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল নামে। এতে ঝুঁকিতে পড়ে হাওরের ধান। তবে এ সময় সুনামগঞ্জে ভারী বৃষ্টি না হওয়ায় রক্ষা হয়েছে। মানুষ ঝুঁকিপূর্ণ বাঁধে কাজ করতে পেরেছেন। এতে অনেক হাওর রক্ষা পেয়েছে। কিন্তু আবার ঢল আসার খবরে সবাই আতঙ্কিত।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের শ্রম-চেষ্টার উদ্দেশ্য একটাই, কৃষকের মুখে হাসি ধরে রাখা। আমরা সর্বশক্তি নিয়ে দিনরাত মাঠে কাজ করছি। শঙ্কা আছে, কিন্তু আমরা আশাবাদী, হাওরের কৃষকের মুখে হাসি থাকবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, জেলার বিভিন্ন হাওরে ধান কাটা চলছে। শ্রমিকদের সঙ্গে মাঠে ধান কাটার মেশিনও কাজ করছে। কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।