হাকালুকি হাওরে গতবারের চেয়ে জলচর পাখি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের হাকালুকি হাওরে নানা প্রজাতির জলচর পাখির সমাবেশ
ছবি: কল্যাণ প্রসূন

মৌলভীবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরে গতবারের চেয়ে এবার জলচর পাখির সংখ্যা বেড়েছে। তবে গত কয়েক বছরের তুলনায় সেই সংখ্যা খুবই কম। এবার হাওরে ৫১ প্রজাতির ৩৬ হাজার ৫০১টি জলচর পাখির দেখা গেছে। গতবার দেখা মিলেছিল ৪৫ প্রজাতির ২৪ হাজার ৫৫১টি পাখি। হাওরের বিভিন্ন বিলে শুমারির পর গতকাল শনিবার বিকেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য দিয়েছেন।

১৬ ও ১৭ ফেব্রুয়ারি হাওরের বিভিন্ন বিলে পাখিশুমারি চালানো হয়। বন বিভাগের ‘সুফল’ প্রকল্পের অর্থায়নে ‘আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ প্রতিষ্ঠান’ (আইইউসিএন) ও বেসরকারি সংগঠন ‘জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন’ (পিওজেএফ) এ শুমারি চালায়। শুমারিতে সহযোগিতা করে বাংলাদেশ বার্ড ক্লাব। ১৯৯৯ সালে সরকার এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে।

শুমারি দল সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ২৮ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। এটি দেশের বৃহত্তম হাওর। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ছয় সদস্যের দুটি দল হাওরের বিভিন্ন জলাশয়ে পাখিশুমারি চালায়। শুমারিতে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক নেতৃত্ব দেন।

আইইউসিএনের জ্যেষ্ঠ কর্মকর্তা সীমান্ত দীপু গতকাল শনিবার বিকেলে জানান, এবার হাকালুকিতে ৫১ প্রজাতির ৩৬ হাজার ৫০১টি জলচর পাখির দেখা মিলেছে। এর মধ্যে কিছু শিকারি পাখিও (র‍্যাপ্টর) পাওয়া গেছে। তিনি প্রথম আলোকে বলেন, হাওরে সর্বোচ্চ ৮ হাজার ৬০৮টি শামুকখোল পাখির দেখা মিলেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ প্রজাতির দুটি ফুলুরি হাঁস ও তিনটি কালাগলা মানিকজোড় পাখিও দেখা গেছে। সবচেয়ে বেশি পাখি হাওরের চকিয়া বিলে দেখা গেছে।

মৌলভীবাজারের হাকালুকি হাওরে নানা প্রজাতির জলচর পাখির সমাবেশ
ছবি: কল্যাণ প্রসূন

এর আগে ২০২১ সালের শুমারিতে হাওরের ৪৩টি বিলে ৪৫ প্রজাতির মোট ২৪ হাজার ৫৫১, ২০২০ সালে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬, ২০১৯ সালে ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১, ২০১৮ সালে ৪৪ প্রজাতির ৪৫ হাজার ১০০ এবং ২০১৭ সালে ৫০ প্রজাতির ৫৮ হাজার ২৮১টি পাখির দেখা মিলেছিল।

গত কয়েক বছরের তুলনায় পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চাইলে ইনাম আল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাপী পাখির সংখ্যা দিন দিন কমে আসছে। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। যেসব পাখি রয়েছে, সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে। পাখিদের আবাসস্থল রক্ষা করতে হবে। তাদের খাবারের ব্যবস্থা থাকতে হবে।

ইনাম আল হক আরও বলেন, এবার হাওরের নাগুয়া-লরিবাই বিলে চখাচখি প্রজাতির একটি পাখিকে মৃত অবস্থায় ভাসতে দেখা গেছে। সেখানে আশপাশে আরও কয়েকটি পাখিকে উড়তে দেখা যায়। সাধারণত বছরের এ সময়ে দুর্বৃত্তরা হাওরে বিষটোপ ও জাল দিয়ে ফাঁদ তৈরি করে পাখি নিধন করে। বিষে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার গুণ বেশি পাখি মারা যায়। কারণ, বিষের প্রভাব দীর্ঘক্ষণ থাকে। পাখিরা তাদের জীবন শঙ্কা মনে করলে আর ওই হাওরে ভেড়ে না। পাখি নিধন বন্ধে আইনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।