বাড়ছে শর্ষের আবাদ
হাকালুকিতে হলুদ রঙের ঢেউ
বিস্তীর্ণ মাঠ হলুদ হয়ে আছে। বাতাসে দোল খাচ্ছে হলুদ শর্ষের ফুল। অনেক দূর পর্যন্ত শুধু হলুদ আর হলুদ। বাতাসে ছড়িয়ে পড়েছে শর্ষে ফুলের ঘ্রাণ।
আমন ধান কাটার পর নাড়ার মাঠ খালি পড়ে থাকে। যেদিকে চোখ যায়, ধূসর বিস্তীর্ণ শূন্য মাঠ। শুষ্ক মৌসুমে এ রকম হাজার হাজার একর জমিই পতিত থাকে। পুরো বর্ষাকাল এসব জমির ওপর থই থই করে পানি। তবে দুই-তিন বছর ধরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপাড়ের এ রকম অনেক মাঠের চেহারার বদল হতে শুরু করেছে।
এসব জমিতে শুষ্ক মৌসুমে এখন শর্ষের চাষ হচ্ছে। দুই-তিন বছরে শর্ষের চাষ বেড়েছে কয়েক গুণ। ২০১৮ সালে বড়লেখায় শর্ষের আবাদ ছিল ১৬৫ হেক্টর। এবার হয়েছে ৭২০ হেক্টরে। বেশির ভাগই হাকালুকি হাওরপাড়ে। কৃষকদের সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করায় মাত্র কয়েক বছরে হলুদ হয়ে উঠছে মাঠ। দিকে দিকে যেন হলুদ রঙের ঢেউ।
হাওরপাড়ের মুর্শিবাদকুড়া গ্রামের মিন্টু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘রোপা আমন কাটার পর জমি খালি থাকত। আগে দুই-তিন কিয়ার (বিঘা) করেছি। সরকারিভাবে নতুন বীজ ও সার পাওয়ায় এবার ১৮ কিয়ার করেছি। সামনে আরও বাড়ানোর ইচ্ছা আছে।’ তিনি জানান, শর্ষে চাষে একাধারে তেল, খইল ও রান্নার জ্বালানি (শর্ষের শুকনা গাছ) পাওয়া যাচ্ছে।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও শুকনা মৌসুমে হাকালুকি হাওরপাড়ের কিছু জমিতে শর্ষের চাষ হতো। বাকি জমি পতিতই থাকত। কিন্তু দুই-তিন বছর ধরে কৃষকদের বিনা মূল্যে বীজ, সার, প্রণোদনা এবং প্রশিক্ষণ দেওয়ায় শর্ষের চাষ বাড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক কাজী লুৎফুল বারী বলেন, শর্ষের চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করা হচ্ছে।