হাজতখানার রড বাঁকিয়ে পালালেন আসামি
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে এক আসামি পালিয়ে গেছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি কার্যালয়ের কর্তব্যরত কর্মকর্তা ও এক সেপাইকে প্রত্যাহার করা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামির নাম শুভ। বাড়ি নগরের খড়বোনা এলাকায়। বিকেলে মাদকসহ তাঁকে আটক করেছিল ডিবি পুলিশ। সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে তিনি পালিয়ে যান। এরপর তাঁকে ধরতে অভিযান শুরু করে ডিবিসহ আরএমপির বিভিন্ন থানার পুলিশ।
নগর ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ডিবি কার্যালয়ের হাজতের রড বাঁকা করে পালিয়ে গেছেন আসামি শুভ। খবর পেয়ে সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরের লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হেফাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরত ব্যক্তিদের তিরস্কার করেন।
যোগাযোগ করা হলে নগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) আবু আহম্মেদ আল মামুনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। যোগাযোগ করা হলে আবু আহম্মেদ আল মামুন আসামি পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। কিন্তু বিস্তারিত তথ্য তিনি আরএমপির মুখপাত্রের কাছ থেকে নেওয়ার পরামর্শ দেন।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আসামি হাজতখানার রড বাঁকা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় দুজনকে প্রত্যাহার করা হয়েছে।