হাজার কোটি টাকা লুটের বিচার এ দেশের মাটিতেই হবে: জয়নুল আবদিন ফারুক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘রাতের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের টাকায় নির্মাণ করা সেতু থেকে গণতন্ত্রের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা করতে টুস করে ফেলে দিতে চান। অপেক্ষা করুন। পদ্মা সেতু নির্মাণের নামে হাজার কোটি টাকা লুট করেছেন। এ দেশের মাটিতেই বিচার হবে। জনগণ সেই বিচার করবে।’
খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজ বৃহস্পতিবার বগুড়ায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে জয়নুল আবদিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া জেলা বিএনপির আয়োজনে বিকেল পাঁচটায় শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমাদের নেতার নির্দেশে বগুড়ায় এসেছি। রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি। অস্ত্রধারী ছাত্রলীগ রয়েছে। এত অমানবিক অত্যাচার। অপেক্ষা করেন, আন্দোলন হবে।’ তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, ততবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। অথচ সেই নেত্রীর সঙ্গে যে নির্মম আচরণ এবং তাঁর ওপর যে নির্যাতন করা হয়েছে, তা জনগণ মেনে নেবে না।’
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার, এম আর ইসলাম স্বাধীন ছাড়াও জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা কৃষক দল, জেলা ছাত্রদল, জেলা শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।