হাজার কোটি টাকার ঋণ এখন খেলাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামমাত্র জামানত দিয়ে নানা কৌশলে চট্টগ্রামের এইচআর গ্রুপ নামে-বেনামে ১৮ ব্যাংকের ২০টি শাখার কাছ থেকে বের করে নিয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। যার পুরোটাই এখন খেলাপি। এইচ আর গ্রুপের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন হারুন অর রশিদ। যিনি বছর দুয়েক আগে খেলাপি ঋণের দায়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন।
ন্যাশনাল আয়রন, এইচ স্টিল রি-রোলিং মিলস, রুবাইয়া ভেজিটেবল, রুবাইয়া প্লাস্টিক—এগুলো হলো এইচআর গ্রুপের স্বীকৃত প্রতিষ্ঠান। আর বেনামি প্রতিষ্ঠান হচ্ছে তালুকদার ট্রেডিং ও রহমান স্টিল।
অর্থ বের করে নেওয়ার ক্ষেত্রে দুটি পন্থা অবলম্বন করেছে এই গ্রুপ। যেমন অন্যান্য আমদানির মতোই বিদেশ থেকে ভোজ্যতেলের কাঁচামাল আনার ঋণপত্র (এলসি) খোলার পর ব্যাংককে দিয়ে মূল্য পরিশোধ করা হয়েছে। পরে এলটিআর (লোন অ্যাগনেস্ট ট্রাস্ট রিসিট) বা বিশ্বাসের ঋণ সৃষ্টি করা হয়েছে। এই ঋণ পরিশোধের সময় ছিল ৯০ থেকে ১২০ দিন। এর মধ্যেই কোনো কোনো ঋণের মেয়াদ পাঁচ বছরও অতিক্রম করেছে। কিন্তু ঋণ এখনো পরিশোধ করা হয়নি। গুদামে মালামালও নেই।
অপর পন্থাটি হল-মার্কের মতোই। স্থানীয় ঋণপত্র খুলে কাগুজে লেনদেনে অর্থ বের করে নিয়েছে তারা। এ ক্ষেত্রে তালুকদার ট্রেডিং ও রহমান স্টিলকে ব্যবহার করা হলেও এই দুই প্রতিষ্ঠানেরই সুবিধাভোগী হচ্ছে এইচআর গ্রুপ। এই প্রতিষ্ঠান দুটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ন্যাশনাল আয়রনের জন্য কাঁচামাল কিনতে স্থানীয় ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। সরবরাহকারী হচ্ছে তালুকদার ট্রেডিং ও রহমান স্টিল। দাম ঠিক হওয়ার পর ন্যাশনাল আয়রনের পক্ষে ঋণপত্রের মূল্য পরিশোধে স্বীকৃতি (অ্যাকোমোডেশন বিল) দেওয়া হয়েছে। আর এই অর্থ গেছে এইচআর গ্রুপের কাছে।
চট্টগ্রাম থেকে কয়েক দফা টেলিফোনে এবং ঢাকায় সাক্ষাতে কথা হয় হারুন অর রশিদের সঙ্গে। তালুকদার ট্রেডিং ও রহমান স্টিল কোথায় অবস্থিত জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামের সাগরিকা রোডে অবস্থিত। সরেজমিনে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলা হলে তখন বলেন, ‘আগ্রাবাদে অফিস আছে’। আগ্রাবাদেও অফিস খুঁজে পাইনি বললে হারুন অর রশিদ বলেন, ‘আত্মীয়স্বজন দিয়ে কে না ব্যবসা করে বলেন।’
হল-মার্কের মতো স্থানীয় ঋণপত্র খুলে এসব অর্থ বের করে নেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নে হারুন অর রশিদ বলেন, ‘স্থানীয় এলসি কে না করেছে।’ তবে তিনি আশাবাদী আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ব্যাংকগুলোর সঙ্গে ঋণগুলোর একটি ব্যবস্থা করে ফেলতে পারবেন। তিনি বলেন, ‘ছোট ছোট ঋণগুলো পরিশোধ করে দেব। বড়গুলো পুনঃ তফসিল করে পরিশোধের ব্যবস্থা করব।’ নিজের প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আগের মতো আর ড্রামে করে তেল বিক্রি করব না। এখন প্যাক করে বাজারজাত করা হবে।’
ঋণ সৃষ্টিতে অভিনব পথ: ঋণগুলো সৃষ্টির ক্ষেত্রে ব্যাংকারদের যোগসাজশের বড় অভিযোগ যেমন আছে, তেমনি ঋণ তৈরিতে অভিনব সব পন্থাও অনুসরণ করা হয়েছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা এইচআর গ্রুপের দুটি ব্যাংকের ঋণ কিনেছে। দুই ব্যাংক হলো পূবালী ও মার্কেন্টাইল। পূবালী ব্যাংকের সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) শাখা থেকে কেনা হয় রুবাইয়া ভেজিটেবলের দুই কোটি আট লাখ টাকার ঋণ। আর মার্কেন্টাইল ব্যাংকের মাদামবিবির হাট শাখা থেকে কেনা হয় রুবাইয়া প্লাস্টিকের প্রায় এক কোটি ১৩ লাখ টাকার ঋণ। ঋণগুলো যখন কেনা হয়, তখন আর ব্যাংক দুটিতে এই দুই কোম্পানির নামে কোনো ঋণ ছিল না। আগেই কোম্পানির ঋণগুলো পরিশোধ করা হয়। ফলে ঋণের পে-অর্ডারগুলো ব্যাংকে নয়, গেছে রুবাইয়া ভেজিটেবল ও রুবাইয়া প্লাস্টিকের নামে।
আবার কিছু ক্ষেত্রে দরপত্রের মাধ্যমে নির্ধারিত সরবরাহকারীকে টাকা না দিয়ে দেওয়া হয়েছে এই রুবাইয়া ভেজিটেবল বা প্লাস্টিককে। কোম্পানি দুটিও অন্য সরবরাহকারীর কাছ থেকে মালামাল সংগ্রহ করেছে বলে বলা হচ্ছে। কিন্তু ব্যাংকসূত্র বলছে, আসলে কোনো পণ্যই কেনা হয়নি। কাগজে লেনদেন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
ইসলামী ব্যাংকে রুবাইয়া ভেজিটেবল ও রুবাইয়া প্লাস্টিকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২০ কোটি টাকা। আর এর বিপরীতে ব্যাংকের কাছে জামানত হিসেবে গচ্ছিত আছে এই দুই প্রতিষ্ঠানের কারখানাসহ জমি। ব্যাংকের নিজস্ব মূল্যায়ন হচ্ছে, এর দাম হবে ৩৮ কোটি টাকা।
সরেজমিনে ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় গিয়ে দায়িত্বশীল কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, তাঁরা বিষয়টি গুরুতর মনে করেই তদন্ত করছেন। তদন্তে যদি সঠিক প্রমাণ হয় তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
ঋণ অবলোপন: রাষ্ট্র খাতের জনতা ও অগ্রণী ব্যাংক ঘটিয়েছে আরেক অভিনব নজির। চট্টগ্রামে জনতা ব্যাংকের সাধারণ বীমা করপোরেট শাখা ও অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখা এইচআর গ্রুপের ঋণখেলাপি হয়ে পড়লে এক বছরের মধ্যেই তা অবলোপন বা রাইট অফ করে দেয়। এই ঋণের বিপরীতে কোনো জামানত ব্যাংক দুটিতে নেই। অথচ বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ অবলোপনের নীতিমালা অনুযায়ী পুরোনো খেলাপি ঋণ আদায় হওয়ার কোনো সম্ভাবনা না থাকলেই কেবল তা অবলোপন করা যায়। অবলোপনের আগে অর্থঋণ আদালতে মামলা করার শর্তও এতে রয়েছে।
জনতা ব্যাংকের সাধারণ বীমা করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সিরাজুল করিম মজুমদার অবলোপনের তথ্যটি স্বীকার করেন। তবে এর বেশি আর কিছু তিনি বলতে রাজি হননি।
ব্যাংকভেদে ঋণ: বাংলাদেশ ব্যাংকের ঋণ-তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকভিত্তিক এইচআর গ্রুপের ঋণের পরিমাণ হচ্ছে এক হাজার ৪২ কোটি টাকা। যেমন ইসলামী ব্যাংকের পাওনা ১২০ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্ব পাড় শাখায় ১৬০ কোটি টাকা, জনতা ব্যাংকের সাধারণ বীমা করপোরেট শাখায় ৭৫ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংকের পাহাড়তলি শাখায় ৭০ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখায় ৫৫ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় ২৫ কোটি টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় ৮৪ কোটি টাকা, প্রাইম ব্যাংকের লালদীঘির পূর্ব পাড় শাখায় ৫১ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখায় ২০ কোটি টাকা, যমুনা ব্যাংকের আগ্রাবাদ শাখায় ২৫ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখায় সাত কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মাদামবিবির হাট শাখায় আট কোটি টাকা, সাউথইস্ট ব্যাংকের হালিশহর শাখায় ২৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় ৩০ কোটি টাকা, ব্যাংক এশিয়ার আগ্রাবাদ শাখায় ৬০ কোটি টাকা, এবি ব্যাংকের আগ্রাবাদ শাখায় দুই কোটি টাকা, পূবালী ব্যাংকের সিডিএ রোড শাখায় ৮০ কোটি টাকা, এক্সিম ব্যাংকের জুবিলী রোড শাখায় ৪০ কোটি টাকা, ঢাকা ব্যাংকের মুরাদপুর শাখায় ৬৫ কোটি টাকা এবং ঢাকায় এক্সিম ব্যাংকের রাজউক শাখায় রয়েছে ৩৫ কোটি টাকার ঋণ।
তবে এইচআর গ্রুপের হারুন অর রশিদ দাবি করেন, তিনি ৫৫০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। বাকিগুলো সব সুদ। আন্তর্জাতিক বাজারে দাম পড়ে যাওয়াতে ব্যবসায় লোকসান দিয়ে তাঁর ব্যাংকের টাকা আটকে গেছে।