হাজী দানেশে ২১ ডিসেম্বর থেকে ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম ২১ ডিসেম্বর শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রমের কারণে শীতকালীন ছুটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন ইউনিটের ভর্তি সম্পর্কে তথ্য দেওয়া হয়। সে অনুযায়ী এ ও ডি ইউনিটের মেধাতালিকার শিক্ষার্থীদের ২১ ডিসেম্বর, বি ও সি ইউনিটের ২২ ডিসেম্বর এবং ই ও এফ ইউনিটের শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বর ভর্তি করানো হবে। এ ছাড়া এ ও ডি ইউনিটে অপেক্ষমাণ তালিকা থেকে ২৪ ডিসেম্বর, বি ও সি ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ ডিসেম্বর এবং ই ও এফ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ২৯ ডিসেম্বর শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রম ২৯ ডিসেম্বর পর্যন্ত চলার কারণে শীতকালীন ছুটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে। আগামী ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে এবং আবাসিক হল খুলে দেওয়া হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপাচার্যের বাসভবনের কাছের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল।