হাজীগঞ্জে কলেজ ও স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে এক কলেজছাত্রী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। একই দিন এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়েটি সাত মাস আগে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
ধর্ষণের শিকার কলেজছাত্রী হাজীগঞ্জ সদর ইউনিয়নের একটি গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করেন। তিনি স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। তাঁর মামি গতকাল শনিবার এক যুবকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে ধর্ষণের শিকার ছাত্রী ঘর থেকে বের হয়ে শৌচাগারে যান। এ সুযোগে ঘরে ঢুকে লুকিয়ে থাকেন ওই যুবক। ছাত্রীটি ঘরে ফিরলে ওই যুবক তাঁকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর চিৎকারে বাড়ির অন্যরা টের পেয়ে যুবককে হাতেনাতে আটক করেন। গতকাল তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাড়ি হাজীগঞ্জ সদর ইউনিয়নেরই আরেকটি গ্রামে। মেয়েটি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা বলে থানায় করা অভিযোগে দাবি করেছেন তার মা।
অভিযোগে বলা হয়, গত ১০ জানুয়ারি নিজ ঘরের মধ্যে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন একই বাড়ির মো. সোহেল (২৭) নামের এক যুবক। দুই মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে একাধিক সালিস বৈঠক হয়। বৈঠকে মেয়েটিকে বিয়ে করতে সোহেল ও তাঁর পরিবারকে চাপ দেওয়া হয়। কিন্তু এতে রাজি হননি তাঁরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোহেলের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
মেয়েটির মা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী সরকারি কর্মচারী ছিলেন। ১২ বছর আগে তিনি মারা যান। স্বামীর অবসর ভাতার টাকায় কোনো রকমে চলছেন তাঁরা। এখন মেয়েটিকে নিয়ে দিশেহারা তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মেয়েটির মা তাঁর মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মেডিকেল প্রতিবেদন নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।