হাজীগঞ্জে সাবেক মেয়র পদপ্রার্থীর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক এক মেয়র পদপ্রার্থীর অর্ধগলিত লাশ তাঁর শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. ওমর ফারুক চৌধুরী (৫০)। এ ঘটনায় গত শুক্রবার রাতে তাঁর বড় ভাই নুরুল গণি চৌধুরী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ওমর ফারুক চৌধুরী ২০১৫ সালে অনুষ্ঠিত হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নারকেলগাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে অংশ নেন। তিনি হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম তাফাজ্জল হায়দার ওরুফে নসু চৌধুরীর ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা গ্রামের চৌধুরী বাড়ির একটি দোতলা বাসভবনে একাই থাকতেন ফারুক চৌধুরী। নিচতলার পশ্চিম-উত্তর পাশের একটি কক্ষের খাটের ওপর ফারুক চৌধুরীর লাশ পড়ে ছিল। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় পত্রিকার হকার পত্রিকা দিতে গেলে ওই বাসভবন থেকে দুর্গন্ধ পান। খবর পেয়ে পুলিশ রাত নয়টার দিকে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফারুক চৌধুরীর চাচাতো ভাই তানভির হায়দার চৌধুরী বলেন, ‘ফারুক ভাই একাকী থাকতে পছন্দ করতেন। তিনি এলাকার কারও সঙ্গে তেমন একটা চলাফেরা করতেন না। আমার জানা মতে তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই।’

মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন বলেন, লাশ গলে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধারের পর গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।