হাটহাজারীতে আগুনে পুড়ে ছাই মাদ্রাসা
চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে একটি মাদ্রাসা। ফতেহপুর ইউনিয়নের জোবরা তালীমুল কুরআন নুরানি মাদ্রাসায় (অনাবাসিক) এ ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, আগুনে তাঁদের পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মাদ্রাসায় ২০০ শিক্ষার্থী পড়ালেখা করে। টিনশেডের মাদ্রাসায় কক্ষ আছে পাঁচটি। মঙ্গলবার রাত ১২টার পর কাজ শেষে মাদ্রাসা থেকে বাসায় চলে যান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ ওসমান গণি। এরপর রাত দুইটার দিকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এতে মাদ্রাসাটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নন কেউ।
মুহাম্মদ ওসমান গণি বুধবার দুপুরে বলেন, আগুনে তাঁদের পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। আসলে কী কারণে আগুন লেগেছে, তা নিয়ে তিনি সন্দিহান।
হাটহাজারী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান মুঠোফোনে বলেন, তাঁদের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি। তবে তদন্ত করে তাঁরা আগুন লাগার কারণ বের করার চেষ্টা করছেন।