হাটহাজারীতে আবাসিক মহিলা মাদ্রাসায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফতেয়াবাদ বাজারের ইডেন সিটি এলাকার জুন্নুরাইন মহিলা হেফজখানা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই মাদ্রাসার নিচতলায় থাকা মোটরসাইকেল, কম্পিউটার, শিক্ষার্থীদের পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দাবি, গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে চারতলা ভবনের ওই মাদ্রাসার নিচতলায় গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে রান্নাঘরে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে নিচতলার আসবাব, মোটরসাইকেল, কম্পিউটার, শিক্ষার্থীদের পোশাকসহ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় ওই মাদ্রাসায় ২০০ জনের বেশি শিক্ষার্থী ছিল। তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় দুর্ঘটনা থেকে মাদ্রাসাটি রক্ষা পেয়েছে। এ দুর্ঘটনায় মাদ্রাসার কম্পিউটার, মোটরসাইকেলসহ পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হবে।