হাটহাজারীতে খালে ভাসছিল গলিত লাশ
চট্টগ্রামের হাটহাজারীর খাল থেকে অজ্ঞাত একটি বিবস্ত্র গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া লোহারপুল এলাকার একটি খালে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। তবে লাশটি গলিত হওয়ায় নারী না পুরুষ বা কোন বয়সী, তা এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ।
হাটহাজারী মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এর আগে গত বুধবার দুপুরে একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মান্দাকিনি এলাকায় নিজ মুদির দোকান থেকে গোলাম আজম নামের (২৮) এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর দুদিন পর উত্তর মাদার্শা ইউনিয়নের খালে পৃথক অজ্ঞাতপরিচয় লাশ পাওয়া গেল।
শুক্রবার সকাল থেকে উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর একটি শাখা খালের ওই স্থানে ভাসছিল লাশটি।
উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনজুর মাসুদ, এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল থেকে উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর একটি শাখা খালের ওই স্থানে ভাসছিল লাশটি। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণেরা এটি ডাঙায় তুলে এনে পুলিশকে খবর দেন। পরে বেলা তিনটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এরফান উদ্দিন ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, লাশটি কয়েক দিন আগে মারা যাওয়া কোনো ব্যক্তির। গলিত হওয়ায় এখনো শনাক্ত করা যায়নি। এটি উদ্ধার করে ময়নাতদন্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।