হাটহাজারীতে গাড়ির ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেছাে বাঘ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পৌর সদরের মীরেরহাট এলাকা থেকে এটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের লোকজন। পরে আজ মঙ্গলবার সকালে মেছো বাঘটি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস হাটহাজারী গবেষণা কেন্দ্রে চিকিৎসা দিতে নিয়ে গেলে সেখানে এর মৃত্যু হয়।

হাটহাজারী চেকপোস্টের বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত একটার দিকে সড়ক পারাপারের সময় বিপন্ন এই মেছো বাঘটি কোনো একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়। পরে রাতেই মেছো বাঘটিকে উদ্ধার করে তাঁরা চিকিৎসা দেন। অবস্থা গুরুতর হওয়ায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মেছো বাঘটিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস হাটহাজারী গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে এটি মারা যায়।

বন বিভাগের হাটহাজারী চেকপোস্টের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই মেছো বাঘ একটি বিপন্ন বন্য প্রাণী। সোমবার রাতে সড়ক পারাপারের সময় কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় এটি গুরুতর আহত হয়। খবর পেয়ে রাতেই এটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস হাটহাজারী গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে এটি মারা যায়।