হাটহাজারীতে জুয়ার আসরে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামের হাটহাজারীতে জুয়ার আসরে মুহাম্মদ মিলাদুন্নবী (৩৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সিটি করপোরেশন এলাকার লালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রাতেই হাটহাজারী মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
মিলাদুন্নবী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি পরিবার নিয়ে ওই ওয়ার্ডের শান্তি কলোনিতে থাকতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ও জুয়ার আসরকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব থেকে এই খুনের ঘটনা ঘটেছে। মিলাদুন্নবীর বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে পুলিশ তা জানাতে পারেনি।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ফয়সাল গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, জুয়া ও মাদকসংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করা যায়নি।