হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় চাঁদের গাড়ির চালকের সহকারী নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় চাঁদের গাড়ির চালকের সহকারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে চট্টগ্রামের খাগড়াছড়ি সড়কের হাটহাজারী অংশের মিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ওই তরুণের নাম মুহাম্মদ সাজিম (১৮)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় ওই চাঁদের গাড়ির চালক ও আরেক সহকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, আজ সকালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি ইটবোঝাই চাঁদের গাড়ি হাটহাজারী সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাঁদের গাড়িটিকে ধাক্কা দিলে ওই গাড়ির সহকারীরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মুহাম্মদ সাজিমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুল আজম প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে গেছেন।