হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে তরুণের দুই পা বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়া
প্রতীকী ছবি

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে ট্রেনে কাটা পড়ে মুহাম্মদ সোলাইমান নামের এক তরুণের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার ১ নম্বর গেটের কাছের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা সোলাইমানকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা ফটিকছড়ির নাজিরহাটগামী একটি ট্রেন ওই স্থান দিয়ে যাওয়ার সময় সোলাইমানের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোলাইমানের পরিচয় সম্পর্ক বিস্তারিত জানা যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ওই তরুণ তাঁর নাম সোলেমান বলে জানান। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। ফলে তাঁর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।