হাটহাজারীতে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাটির পুল এলাকার ছড়া থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত ব্যবসায়ীর নাম সৈয়দ আবদুল্লাহ আল মামুন (২৫)। তিনি উপজেলার সরকারহাট বাজারের পাইকারি নারকেল ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা সৈয়দ মহিউদ্দিনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল্লাহ আল মামুন গতকাল শুক্রবার রাতেও উপজেলার সরকারহাট বাজারে তাঁর দোকানে বসে ছিলেন। এরপর রাতে আর বাসায় ফেরেননি তিনি। দিবাগত রাত একটার পর থেকে তাঁর ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। আজ ভোরে হাটহাজারী মির্জাপুর রেলস্টেশনের কাছে একটি কালভার্ট এলাকার ছড়ার পাশে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও নিহত আবদুল্লাহর চাচা সৈয়দ নাসির হাসান বলেন, আবদুল্লাহ এইচএসসি পাস করে পাইকারি নারকেল ব্যবসায় যুক্ত হন। তিনি বিভিন্ন বাজারের দোকানে নারকেল সরবরাহ করতেন। গতকাল রাত থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে তাঁর লাশ পাওয়া গেছে।
হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, নিহত তরুণের কপালে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের কাজ চলছে।