হাটহাজারীতে দেয়ালচাপায় নিরাপত্তাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে দেয়ালচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই ব্যক্তি। এর আগে আজ দুপুরে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকবরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ নুরুল হক (৪৮)। তিনি ওই এলাকার সাহাব মিয়ার ছেলে এবং একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নুরুল হক তাঁর বাড়ির সীমানাপ্রাচীরের পাশে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় ওই দেয়াল হঠাৎ নুরুল হকের ওপর ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দেয়ালটি বেশ পুরোনো ছিল। ঘটনার পর স্থানীয় লোকজন আহত নুরুল হককে সরাসরি চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই নুরুল হক মারা গেছেন।