হাটহাজারীতে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের সিটি শপিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়ার কুটাখালী এলাকার অটোরিকশার চালক মুহাম্মদ সেলিম (৪৫) ও অটোরিকশার যাত্রী নগরীর হামজার বাগের বাসিন্দা মুহাম্মদ জাবেদ (৩৮)। এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের ছেড়ে আসা ফটিকছড়িগামী একটি বাস সিটি শপিং সেন্টার এলাকায় পৌঁছালে হাটহাজারীগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ফটিকছড়ি নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখতার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।