হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা নিকাস বড়ুয়া (৫০) এবং চালক মেজ্জ্যাইন্যা (৫৬)। পুলিশ চালকের বাড়ি কোথায়, তা জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও নাজিরহাট হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ঘটনাস্থলে চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা ফটিকছড়ির নাজিরহাটগামী একটি বাস ব্যাটারিচালিত ওই অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী নিহত হন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বাসের নিচ থেকে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পরে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ও চালকের লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।