হাটে ক্রেতা কম, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে গরু উঠলেও ক্রেতার অভাব। অনেকেই গরু বিক্রি করতে না পেরে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন
ছবি : প্রথম আলো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রংপুরের তারাগঞ্জে গরু বেচাকেনা শুরু হয়েছে। হাটে গরুও উঠেছে অনেক। তবে সেই তুলনায় হাটে ক্রেতার আনাগোনা খুব কম। বন্যার কারণে জেলার বাইরে থেকে গরু কিনতে আসা ব্যাপারীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশ কম। এতে কাঙ্ক্ষিত দামের চেয়ে অনেক কম দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা।

হাটের ইজারাদার ও গরুর খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর জেলার মধ্যে তারাগঞ্জে সবচেয়ে বড় পশুর হাট বসে। ঈদের আগে এই হাটে থেকে গরু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনীসহ দেশের বড় বড় শহরে নিয়ে যান ব্যাপারীরা। আবার রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অনেকেই এই হাটে কোরবানির পশু কিনতে আসতেন। তবে এবার বন্যার কারণে বড় বড় ব্যবসায়ী–ব্যাপারীরা হাটে আসতে পারছেন না। খুচরা ক্রেতার সংখ্যা নিয়েও হতাশ খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জে কোরবানির পশুর চাহিদা প্রায় ৯ হাজার। কিন্তু উপজেলায় কোরবানি উপলক্ষে ১ হাজার ২৩১ জন কৃষক ও খামারি প্রায় ১৫ হাজার ৩০০ গরু প্রস্তুত করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে তারাগঞ্জ পশুর হাটে গিয়ে দেখা যায়, হাটে ক্রেতাদের আনাগোনা কম। খামারিরা ক্রেতাদের অপেক্ষায় বসে আছেন। অনেকে ক্লান্ত হয়ে পশুর পাশে মাটিতে বসে আছেন। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দর–কষাকষি না করে খামারিদের কেউ কেউ ক্রেতাদের একবারে দাম বলে দিচ্ছেন।

এক বছর আগে ৯০ হাজার টাকা দিয়ে কেনা দুটি গরু পালন করেন কাঠগাড়ি গ্রামের মমিনুল ইসলাম (৩৯)। গতকাল হাটে তিনি ওই গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন। তবে ক্রেতার অপেক্ষায় থাকতে থাকতে তিনি বিরক্ত হয়ে পড়েছেন। মমিনুল ইসলাম বলেন, ‘হাটে ক্রেতা নেই। অনেকে দাম জানতে চান। আর দাম শুনেই চলে যান। বন্যার কারণে এবার লাভের আশা ছেড়ে দিয়েছি। আসল দাম হলেই গরু বেচব। কিন্তু যে দাম বলছে, সেই দামে গরু বেচলে ১৫ হাজার টাকা লস হবে।’

বাহাগিলি গ্রামের আনছার আলী (৫০) দেশি জাতের ১০টি ষাঁড় মোটাতাজা করেছেন। প্রতিদিন তাঁর খামারে গরুর পেছনে খৈল, ভূসি, চালের গুঁড়া, খড় বাবদ প্রায় আড়াই হাজার টাকা খরচ হচ্ছে। এ ছাড়া মজুরি খরচ ও বিভিন্ন ভিটামিনসহ রোগ প্রতিরোধী ওষুধের পেছনেও অনেক খরচ রয়েছে। অন্যবার এত দিনে পাইকার ও ব্যাপারীরা তাঁর খামারে এসে গরু বায়না করে যান। এবার এখন পর্যন্ত গরু বিক্রি না হওয়ায় তিনি গতকাল দুটি গরু বিক্রির জন্য হাটে এনেছেন। ক্রেতাসংকটের পাশাপাশি কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তিনি একটি গরুও বিক্রি করতে পারেননি বলে জানিয়েছেন।

আনছার আলী বলেন, ‘এবার হাটোত গরুর আর গরু। কেনার লোক নাই। বন্যায় এবার খামারিদের কোমর ফেলে দেবে। ইচ্ছা আছলো একটা করি গরু এক লাখ টাকার উপরে বেচামো। কিন্তু ৮০ হাজার টাকাও কওছে না। বাইরের ব্যাপারী না আইসায় গরু বেচা হওছে না। আইজ গরু ঘুরি নিয়া যাওছি। গরু বেচপার না পাইলে হামার বিরাট ক্ষতি হইবে। ’

হাটের ইজারাদার স্বপন চৌধুরী বলেন, হাটে প্রায় আট হাজার গরু উঠেছে। কিন্তু সেই তুলনায় ক্রেতা কম। দাম কম বলায় অনেকেই গরু বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন। বন্যার কারণে জেলার বাইরের ব্যাপারীরা হাটে না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত মাত্র ৬০টি গরু কেনাবেচা হয়েছে। অথচ এই সময় গত বছর অন্তত ৫০০ গরু কেনাবেচা হয়েছিল।